
সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলি
শেষ আপডেট: 12 December 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। শারীরিক অসুস্থতার কারণে তাঁর আপাতত উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই। ইতিমধ্যে বিনোদের নাম একাধিক বিতর্কে জড়িয়েছে। বিভিন্ন নেশা এবং অতিরিক্ত মদ্যপানের কারণে বারংবার তাঁকে অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছে।
সুস্থ জীবনে ফেরার লক্ষ্যে ইতিমধ্যে ১৪ বার রিহ্যাবে গিয়েছেন তিনি। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হাঁটাচলা তো অনেক দুরের কথা, উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়েছেন তিনি। এই ভিডিও দেখার পরই টিম ইন্ডিয়ার সমর্থকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সচিন এবং বিনোদ ছোটবেলার বন্ধু। ক্রিকেট মাঠে তাঁরা একে অপরের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন। আর তাই কাম্বলির এই শোচনীয় আর্থিক পরিস্থিতি দেখে চুপ করে থাকতে পারেননি সচিন। একবার কাম্বলিকে তিনি TMGA-তে (তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমি) চাকরির বন্দোবস্ত করে দিয়েছিলেন। কিন্তু যাতায়াতের অসুবিধার কারণে বিনোদ শেষপর্যন্ত সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন। বলেছিলেন, দীর্ঘ দুরত্বের কারণে তাঁর পক্ষে যাতায়াত করা বেশ কঠিন হয়ে উঠছে। প্রতিদিন যাতায়াতের কারণে তাঁর শরীর আর সায় দিচ্ছে না।
আজও কাম্বলির আর্থিক পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে মাসিক ৩০,০০০ টাকা পেনশন পান। আর সেটা দিয়েই তাঁকে সংসার চালাতে হয়। সেকারণে বিসিসিআই-এর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি মিড-ডে'র একটি ইন্টারভিউয়ে কাম্বলি বলেছিলেন, 'আমি একজন অবসরপ্রাপ্ত ক্রিকেটার। বিসিসিআই-এর দেওয়া পেনশনের টাকায় সংসার চালাতে হয়। এটাই বর্তমানে আমার আয়ের একমাত্র উৎস। সেকারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। ওরাই আমার পরিবার দেখাশোনা করছে।'