হিদার নাইটের দুরন্ত শতকের সৌজন্যে ইংল্যান্ডের মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে তুলেছে আট উইকেট হারিয়ে ২৮৮।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 19 October 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের চলতি ওডিআই বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) আগে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর জানিয়েছিলেন, এবার ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ তাঁরা যে কোনও মূল্যে জিততে চান। বিশ্বকাপের শুরুটা ব্লু টাইগ্রেসেস করেছিল শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে। দুই ম্যাচে ভারত জিতলেও টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়েছিলেন।
তৃতীয় ম্যাচে এসেই ভারত হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। সেই ম্যাচেও ব্যর্থ হয় টপ অর্ডার। চতুর্থ ম্যাচে ওপেনিং জুটিতে প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা দারুণ শুরু করে দিলে ৩০০ রানের সীমা অতিক্রম করে ভারত। যদিও সেই রান ডিফেন্ড করতে না পেরে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত।
হরমনপ্রীত ব্রিগেড এদিন তাদের পঞ্চম ম্যাচে নেমেছে ইংল্যান্ডের বিপক্ষে (India vs England)। এই ম্যাচে হার মানেই ভারতের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত। তবে ভারতকে জেতার জন্য বড় লক্ষ্যমাত্রাই দিয়েছে ইংল্যান্ড। হিদার নাইটের দুরন্ত শতকের সৌজন্যে ইংল্যান্ডের মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে তুলেছে আট উইকেট হারিয়ে ২৮৮।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায় ন্যাট স্চিভার ব্রান্ট। ওপেনিং জুটিতেই ওঠে ৭৩ রান। এরপর দ্বিতীয় উইকেটের জুটিকে ব্রান্ট ও নাইট তোলেন ১১৫ রান। ব্রান্টকে (৩৮) ফেরান শ্রী চারাণি। ১০৯ রানে রান আউট হন নাইট। ভারতের হয়ে দীপ্তি শর্মা নিয়েছেন চার উইকেট আর চারাণি নিয়েছেন দুটি। জিততে গেলে ভারতের প্রয়োজন ২৮৯ রান।