1.jpg)
টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 20 December 2024 16:31
দ্য ওয়াল ব্যুরো : ১৮ ডিসেম্বর, ২০২৪। সবাইকে চমকে দিয়ে অবসর গ্রহণ করলেন ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে এটা বেশ বড় একটা ধাক্কা ছিল। কারণ, অশ্বিন যে এভাবে অবসর গ্রহণ করবেন, সেটা কেউ কল্পনাও করতে পারেননি।
আর এই আচমকা অবসর গ্রহণের কারণে তিনি ফেয়ারওয়েল ম্যাচ খেলারও সুযোগ পেলেন না। তবে শুধুমাত্র অশ্বিন একা নন, ভারতের আরও ৫ কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন, যাঁরা ফেয়ারওয়েল ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করতে পারেননি।
২০১৪ সালে এমএস ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ধোনিও অস্ট্রেলিয়া সফরে তৃতীয় টেস্ট ম্যাচ খেলার পরই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এর ঠিক ৬ বছর পর অর্থাৎ ২০২০ সালের ১৫ অগাস্ট ক্যাপ্টেন কুল ওয়ানডে এবং টি-২০ ফরম্যাট থেকেও অবসর গ্রহণ করেছিলেন। অশ্বিনের মতো ধোনিও ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ পাননি। ধোনি অবসর গ্রহণ করার পর গোটা ক্রিকেটবিশ্ব কার্যত হতাশ হয়ে পড়েছিল।
২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন যুবরাজ সিং। তিনিও ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর ২০১৯ সালে তিনি অবসর ঘোষণা করেন। শেষ ওয়ানডে ম্যাচ খেলার আগে যুবরাজ প্রায় ২ বছর ধরে টিম ইন্ডিয়ায় কামব্যাকের চেষ্টা করেছিলেন। কিন্তু, নির্বাচকদের নজরে তিনি আসতে পারেননি।
এই তালিকায় তৃতীয় নামটি হল রাহুল দ্রাবিড়ের। ক্রিকেট বিশ্বের কাছে তিনি 'দ্য ওয়াল' নামেই পরিচিত। কিন্তু, তাঁকেও ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলার পর রাহুল দ্রাবিড় আচমকা সাংবাদিক বৈঠক ডাকেন এবং নিজের অবসরের কথা ঘোষণা করেন। এই কিংবদন্তি ক্রিকেটারও ফেয়ারওয়েল ম্যাচ খেলেননি।
একটা সময় ভারতীয় ক্রিকেট দলের কাছে তিনি ছিলেন 'ভেরি ভেরি স্পেশাল'। কিন্তু, সেই লক্ষ্মণও শেষপর্যন্ত একটা ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৮ সালের ১৮ অগাস্ট হায়দরাবাদে একটি সাংবাদিক বৈঠক ডেকে তিনি অবসর ঘোষণা করেন। ওই সাংবাদিক বৈঠকে তিনি যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ পাননি। যদিও তিনি বেশ কয়েকবার স্বীকার করেছিলেন যে ফেয়ারওয়েল ম্যাচ খেলার ইচ্ছে তাঁর মধ্যে ছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে সেই সুযোগ দেয়নি। ২০১৫ সালের ২০ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করেন।