গুরু দীনেশ কার্তিকের (Dinesh Karthik) এই একটি মন্ত্রেই গতকাল আরসিবির নায়ক হয়ে উঠেছেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। লড়াই জিতে সাফল্যের স্বীকৃতি মেন্টরকেই দিলেন জিতেশ।

জিতেশ শর্মা
শেষ আপডেট: 28 May 2025 11:03
দ্য ওয়াল ব্যুরো: ‘লড়াইকে শেষ পর্যন্ত নিয়ে যাও।‘
গুরু দীনেশ কার্তিকের (Dinesh Karthik) এই একটি মন্ত্রেই গতকাল আরসিবির নায়ক হয়ে উঠেছেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। লড়াই জিতে সাফল্যের স্বীকৃতি মেন্টরকেই দিলেন জিতেশ। পাশাপাশি তুলে ধরলেন বিরাট কোহলির (Virat Kohli) অবদান। দল হিসেবে আরসিবি (RCB) এখন কতটা এককাট্টা—বুঝিয়ে দিলেন তাও।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে জায়গা পাকা করতে, প্রথম দুই দলে জায়গা বানাতে গেলে আরসিবিকে কালকের ম্যাচ জিততেই হত। চ্যালেঞ্জ লখনউ সুপার জায়ান্টেসের বিরুদ্ধে (LSG vs RCB)। যারা প্লে-অফ থেকে আগেই বিদায় নিয়েছে। স্বাভাবিকভাবেই অনেক ভারমুক্ত হয়ে খেলতে নেমেছিল লখনউ বাহিনী। আর সেটা ঝলসে উঠল দলের অধিনায়ক ঋষভ পন্থের ব্যাটিংয়ে। কালকের ম্যাচে তিন নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন ঋষভ (Rishabh Pant)। করলেন শতরান। দল তুলল ২২৭ রানের পাহাড়প্রমাণ ইনিংস।
জিততে গেলে করতে হবে ২২৮। এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি আরসিবি। বিরাট কোহলি এক প্রান্ত ধরে রেখেছিলেন। অন্যদিকে বিধ্বংসী মেজাজে ফিল সল্ট। কিন্তু ১৯ বল খেলে ৬টি চার মেরে ৩০ রান তুলে আউট হতেই ছন্দপতন! রজত পাটিদার বিশেষ কিছু করতে পারেননি। গতকাল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয় রজতকে। ফলে তিনি শুধু ব্যাটিংই করেন। কিন্তু সেভাবে ছাপ ফেলতে ব্যর্থ হন। ৭ বলে ১৪ রান করেই ফিরে যান ড্রেসিং রুমে। পরের বলেই আউট হন লিয়াম লিভিংস্টোন।
আচমকা তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে আরসিবি। বিপদ বাড়ে খানিক বাদে। যখন বিরাটও অর্ধশতরানের পর হাল্কা চালে শট খেলে ক্যাচ তুলে আউট হন। ১২৩ রানে ততক্ষণে পড়ে গিয়েছে ৪ উইকেট। জিততে গেলে তখনও একশো রানের বেশি দরকার।
সেই সময় দলের হাল ধরেন জিতেশ। টুর্নামেন্টে এতদিন সেভাবে ফর্মে দেখা যায়নি আরসিবি উইকেটরক্ষককে। কিন্তু যখন প্রয়োজন সবচেয়ে বেশি, তখনই দলের ত্রাতার ভূমিকায় হাজির জিতেশ। খেলেন ৩৩ বল। করেন ৮৫ রান। স্ট্রাইক রেট ২৫৭! একা হাতে দলকে টাল খাওয়া পরিস্থিতি থেকে তুলে ধরেন। এগিয়ে নিয়ে যান জয়ের দিকে। পাশে দাঁড়ান মায়াঙ্ক আগরওয়ালও। দুজনে মিলে স্কোরবোর্ডে জুড়ে দেন ১০৭ রান। যা আরসিবির রেকর্ড রান চেজের আসল ভিত গড়ে দেয়।
লড়াই জিতে কী বলেছেন জিতেশ? আনন্দে অধীর আরসিবি নায়ক জয়ের কৃতিত্ব মেন্টর দীনেশ কার্তিককেই দিয়েছেন। বলেছেন, ‘আমি কী বলব বুঝতে পারছি না! ভাবতেই পারছি না এই ইনিংস খেলতে পেরেছি। বিরাট ভাই যখন আউট হল, তখন ভাবছিলাম ইনিংস একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব। এই কথাই আমার মেন্টর ও গুরু দীনেশ কার্তিক বারবার বলে থাকেন—শেষতক উইকেটে টিকে থাকো!’
দলকে জেতানো সত্ত্বেও প্রভূত শারীরিক কষ্ট স্বীকার করতে হয়েছে জিতেশকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘পায়ে টান ধরেছিল। অনেক চাপ নিয়ে খেলতে হচ্ছিল। আমি জানি আমার পাশে বিরাট ভাই, ক্রুণাল ভাই, ভুবি ভাইয়েরা রয়েছে। ওদের সঙ্গে খেলতে পেরে আমি আনন্দিত। এই জয় আমরা উপভোগ করতে চাই। কিন্তু আপাতত ফিটনেস ঠিকঠাক করতে হবে। আর জয়ের ধারা আগামী লড়াইয়ে টেনে নিয়ে যেতে হবে।‘