
হরমনপ্রীত কাউর এবং রেনুকা সিং ঠাকুর
শেষ আপডেট: 4 October 2024 22:56
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের টি-২০ বিশ্বকাপের শুরুটা একেবারে ভাল করতে পারল না ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার (৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে হরমনপ্রীত কাউরের দল ৫৮ রানের বিশাল ব্যবধানে হেরে গেল।
সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে ভারতের পুরুষ ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছে। আশা ছিল, মহিলা ক্রিকেট দলও তেমনই পারফরম্য়ান্স করতে পারবে। এই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইনের ব্যাট থেকে অপরাজিত ৫৭ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। মাত্র ৩৬ বলে তিনি সাতটা বাউন্ডারি হাঁকিয়েছেন।
পাশাপাশি নিউজিল্যান্ডের দুই ওপেনার সুজি বেটস (২৪ বলে ২৭ রান) এবং জর্জিয়া প্লিমার (২৩ বলে ৩৪ রান) নিজেদের সাধ্যমতো রান তোলার চেষ্টা করেন। ভারতীয় বোলারদের মধ্যে রেনুকা সিং জোড়া উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন অরুন্ধতী রেড্ডি এবং আশা শোভনা।
এরপর আসে টিম ইন্ডিয়ার ব্যাট করার পালা। শুরুতেই মুখ থুবড়ে পড়ে ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার। স্মৃতি মান্ধানা (১২), শেফালি বর্মা (২), অধিনায়ক হরমনপ্রীত কাউর (১৫), জেমিমা রডরিগস (১৩), রিচা ঘোষ (১২) কেউই নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারলেন না। দলের লোয়ার অর্ডারের কথা আর না বলাই ভাল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ১০২ রানে অলআউট হয়ে যায়।
এই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি কিউয়ি বোলাররাও যথেষ্ট নজর কাড়লেন। একাই চারটে উইকেট শিকার করলেন রোজমেরি মেয়ার। এছাড়া তিনটে উইকেট শিকার করেছেন লিয়া তাহুহু। জোড়া উইকেট নেন ইডেন কারসন। আর একটি উইকেট নিলেন অ্যামেলিয়া কের। যদিও তাঁর আউট নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।