বছর ঘুরতে ফের একই প্রতিপক্ষ। আবার সামনে জসপ্রীত বুমরাহ। ফারাক দুটো। এক, খেলা আর বাইরে নয়, ঘরের মাঠে। দুই, বর্ডার-গাভাসকার ট্রফিতে চোট পাওয়া বুমরাহ আর আগের মতো সুস্থ-সবল নন। সিরিজের পাঁচটি টেস্ট খেলতে পারবেন না, সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলবেন।

অলি পোপ
শেষ আপডেট: 18 June 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: ছোট রান আপ। মাপা গতি। কিন্তু বলের ক্ষিপ্র গতি। আর লক্ষ্যভেদী ইয়র্কার!
এই চারটি বিষয় একসঙ্গে জুড়ে গেলে কী বিধ্বংসী ডেলিভারি দাঁড়াতে পারে, গত বছর বিশাখাপত্তনম টেস্টে তা হাড়ে হাড়ে টের পান অলি পোপ (Ollie Pope)। টের পাওয়ান যিনি, তাঁর নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মিডল স্ট্যাম্প দাঁড়িয়ে। আর বাকি দুই স্ট্যাম্প দু’দিকে ছিটকে গিয়েছে—সিরিজের অন্যতম আইকনিক ছবি পোপের বোল্ড আউট!
বছর ঘুরতে ফের একই প্রতিপক্ষ। আবার সামনে জসপ্রীত বুমরাহ। ফারাক দুটো। এক, খেলা আর বাইরে নয়, ঘরের মাঠে। দুই, বর্ডার-গাভাসকার ট্রফিতে চোট পাওয়া বুমরাহ আর আগের মতো সুস্থ-সবল নন। সিরিজের পাঁচটি টেস্ট খেলতে পারবেন না, সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলবেন।
কিন্তু তাতে কী খুব একটা কিছু আসবে-যাবে? উত্তর খুঁজছেন ইংরেজ ব্যাটাররা। সওয়ালের সন্ধানে অলি পোপও। ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক। টিম পরিচালনার বাড়তি দায়িত্ব। কিন্তু শিরঃপীড়া বাড়িয়েছেন বুমরাহ। যিনি লর্ডস কিংবা হেডিংলে-র ঘাসে ভরা বাইশ গজে আরও বেশি ক্ষুরধার হয়ে উঠতে পারেন।
টকস্পোর্টস ক্রিকেটকে দেওয়া একটি সাক্ষাৎকারে পোপ বলেন, ‘এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। বুমরাহকে এখনও পর্যন্ত সাকুল্যে তিনটি সিরিজে খেলেছি। আর লাগাতার চেষ্টা করেছি ওকে চাপে ফেলার।‘
এক্ষেত্রে আক্রমণের পথে না হেঁটে কেন শুধুমাত্র বুমরাহর স্পেলে টিকে থাকার চেষ্টা করেননি? প্রশ্নের জবাবে সমস্যার কথা তুলে ধরেন অলি পোপ। তাঁর যুক্তি, ‘বুমরাহ দিনে ২০ ওভার বল করে। তাই ক্রিকেটের ভাষায়, প্রথম চাপ শুষে তারপর পাল্টা আঘাতের রাস্তা নেওয়া হয়। যাতে কিছুটা হলেও চাপে ফেলা যায়। কিন্তু এর মানে এই নয় যে, প্রতিটি বলে চার কিংবা ছয় হাঁকাতে হবে। স্ট্রাইক রোটেট করেও এটা করা যায়।‘
সেই সময় পার্টনারের সঙ্গে কেমন কথাবার্তা চলে? পোপের অকপট স্বীকারোক্তি—বুমরাহর মুখোমুখি হতে কেউই স্বচ্ছন্দ নন। সবাই চান সিঙ্গল নিয়ে নন স্ট্রাইকার এন্ডে যেতে। আর নন স্ট্রাইকারে দাঁড়ানো ব্যাটসম্যানও চান কোনওমতে বলে ব্যাট ঠেকিয়ে অন্য প্রান্তে যেতে।‘
এই স্বীকারোক্তি কি লজ্জার? জানেন না পোপ। তাঁর বক্তব্য খুব পরিষ্কার। লজ্জার হোক, না হোক, বুমরাহকে এড়িয়ে যাওয়াটা দুষ্কর।