মৃত সদস্যদের স্ত্রী/স্বামীদের জন্য এককালীন ১ লক্ষ টাকার বেনিফিট চালু করা হবে। এই উদ্যোগের লক্ষ্য হল, সদস্যদের পরিবারকে তাঁদের কঠিন মুহূর্তে আর্থিক সহায়তা প্রদান করা এবং তাঁদের অবদানের প্রতি সম্মান জানানো।

বিসিসিআই
শেষ আপডেট: 26 August 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড়ি জীবনে সব ক্রিকেটারই বিপুল রোজগার করবেন, বাস্তবটা সেরকম নয়। অনেকেই সেভাবে রোজগার করে উঠতে পারেন না। পরিবার সামলাতে গিয়ে তাঁদের সঞ্চয়ের ভাণ্ডারও থাকে যৎকিঞ্চিত। তারপর যদি কোনও ক্রিকেটারের মৃত্যু ঘটে, তখন তাঁর পরিবারে আঁধার নেমে আসে। এবার সেই সমস্যা নিরসনে উদ্যোগী হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।
ভারতীয় ক্রিকেটারদের সংগঠন আইসিএ (ICA) বিসিসিআইয়েরথেকে অনুমোদন পাওয়ার পর জানিয়েছে, মৃত সদস্যদের স্ত্রী/স্বামীদের জন্য এককালীন ১ লক্ষ টাকার বেনিফিট (OTB) চালু করা হবে। এই উদ্যোগের লক্ষ্য হল, সদস্যদের পরিবারকে তাঁদের কঠিন মুহূর্তে আর্থিক সহায়তা প্রদান করা এবং তাঁদের অবদানের প্রতি সম্মান জানানো।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এই সুবিধা শুধুমাত্র মৃত ICA সদস্যদের স্ত্রী/স্বামীদের জন্য উপলব্ধ হবে। বোর্ড যোগ্য স্ত্রী/স্বামীদের মধ্যে এক লক্ষ টাকার এককালীন অর্থ প্রদানের অনুমোদন দিয়েছে।"
এই উদ্যোগটি ক্রিকেটারদের পরিবারগুলিকে প্রয়োজনের সময় সহায়তা প্রদানের জন্য ICA-এর প্রতিশ্রুতি প্রতিফলিত করে। প্রাথমিকভাবে প্রায় ৫০টি পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগেরমাধ্যমে অভাবী পরিবারগুলিকে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করা হবে। এই সুবিধা সময়ে সময়ে পর্যালোচনা করা হবে। বোর্ডের মূল্যায়নের পর বিসিসিআই ভবিষ্যতে বিধবা এবং বিপত্নীকদের জন্য পেনশন প্রকল্প অনুমোদন করলে এই উদ্যোগটিকে সমন্বয় করা যেতে পারে বলে জানা গিয়েছে।
পাশাপাশি আইসিএ একটি গ্রুপ স্বাস্থ্য বিমা প্রকল্পও চালু করেছে। এই প্রকল্পের অধীনে ১,০৭৯ জন যোগ্য সদস্যের জন্য ২.৫ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ প্রদান করা হবে এবং একটি বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা প্রোগ্রাম করা হবে। যেখানে সদস্য এবং তাঁদের স্বামী/স্ত্রীর জন্য ৪৩টি ডায়াগনস্টিক পরীক্ষা করা যাবে। ভারত জুড়ে ২,২০০ জনেরও বেশি ব্যক্তি এই প্রকল্প থেকে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন।
এছাড়াও, আইসিএ জরুরি আর্থিক সহায়তা প্রদান করেছে। জরুরি চিকিৎসার জন্য সদস্যদের এক লক্ষ টাকা পর্যন্ত এককালীন অনুদান প্রদান করা হয়েছে। এখনও পর্যন্ত ৭৭ জন সদস্য এই তহবিলের মাধ্যমে সহায়তা পেয়েছেন।
এই প্রকল্পের অধীনে রয়েছে সেই সব প্রাক্তন প্লেয়াররা, যাঁরা পুরুষদের ক্রিকেটে অন্তত ১০টি থেকে ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বা মহিলাদের ক্রিকেটে অন্তত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।