দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ২০২০ সালেই ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার নিয়ম সম্পূর্ণ তুলে দিয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 August 2025 22:18
দ্য ওয়াল ব্যুরো: গ্রাহকদের প্রবল বিরোধিতার মুখে নিয়মে বদলাতে বাধ্য হল আইসিআইসিআই ব্যাঙ্ক। শহরের নতুন গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম গড় ব্যালেন্স (এমএবি) বজায় রাখার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে কমিয়ে করা হল ১৫ হাজার টাকা।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগে শহুরে এলাকার নতুন গ্রাহকদের জন্য এমএবি ১০ হাজার টাকা থেকে একলাফে ৫০ হবাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। গ্রাহকদের আপত্তি এবং সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত আংশিকভাবে প্রত্যাহার করা হল। যদিও সংশোধিত পরিমাণও আগের তুলনায় পাঁচ হাজার টাকা বেশি।
অন্যদিকে, মফঃশল এলাকায় নতুন গ্রাহকদের ন্যূনতম গড় ব্যালেন্সও কমানো হয়েছে। আগে যেখানে তা ছিল ২৫ হাজার টাকা, নতুন নিয়মে তা নামিয়ে আনা হয়েছে সাড়ে সাত হাজার টাকায়। গ্রামীণ ও মফঃশল এলাকার পুরনো গ্রাহকদের জন্য এমএবি আগের মতোই ৫ হাজার টাকা থাকবে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ২০২০ সালেই ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার নিয়ম সম্পূর্ণ তুলে দিয়েছে। অধিকাংশ অন্য ব্যাঙ্কও তুলনামূলকভাবে অনেক কম পরিমাণ এমএবি রাখছে, যা সাধারণত ২,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে।
ব্যাঙ্কিং মহলের একাংশের মতে, অন্যান্য ব্যাঙ্ক যখন গ্রাহকদের শর্ত শিথিল করছে, সেখানে আইসিআইসিআই-র এমএবি এক ধাক্কায় এতটা বাড়ানোর সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছিল। নতুন এই সংশোধন অন্তত আংশিকভাবে গ্রাহকদের চাপ লাঘব করবে বলে আশা।