
চিন্ময়কৃষ্ণ দাস
শেষ আপডেট: 12 December 2024 12:18
দ্য ওয়াল ব্যুরো: চট্টগ্রামের আদালতে বৃহস্পতিবার ফের আটকে গেল চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের মামলা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ বৃহস্পতিবার সকালে আদালতে চিন্ময়কৃষ্ণের স্বাক্ষরিত ওকালতনামা জমা দিয়ে জামিন মামলায় অংশ নিতে চান। কিন্তু বিচারক বলেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুনানিতে অংশ নিতে পারবেন যদি ওকালতনামায় চট্রগ্রাম আদালতের বার অ্যাসোসিয়েশনের কোনও আইনজীবীর স্বাক্ষর থাকে। রবীন্দ্র ঘোষের আদের করা নতুন মামলায় চট্টগ্রামের কোনও আইনজীবীর স্বাক্ষর ছিল না।
রবীন্দ্রবাবু দু ঘণ্টা সময় চেয়েছেন নতুন ওকালতনামা জমা করার জন্য। তাতেও সমস্যা মিটবে কিনা তা নিয়ে সংশয় আছে। চট্টগ্রাম আদালতের কোনও আইনজীবী চিন্ময়ের ওকালতনামায় সই করতে রাজি হচ্ছেন না।
কারণ বার অ্যাসোসিয়েশন বৈঠক করে সিদ্ধান্ত করেছে চট্টগ্রাম আদালতের কোনও আইনজীবী চিন্ময়ের হয়ে মামলা লড়তে পারবেন না। কেউ সিদ্ধান্ত লঙ্ঘন করলে বারের সদস্য পদ কেড়ে নেওয়া হবে।
বস্তুত সেই কারণেই ঢাকা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম গিয়েছেন মামলা লড়তে। তিনি জানান, বিচারক বলেছেন, তিনি।কোনও আইনজীবীকে মামলা লড়ার অনুমতি দিলে বার অ্যাসোসিয়শন কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না। তারপরও সমস্যা কাটবে কিনা সংশয় আছে চট্রগ্রামের আইনজীবী মহলের। চিন্ময়কৃষ্ণের হয়ে গত ২৬ নভেম্বর যে ৭০ জন হিন্দু আইনজীবীরা মামলা লড়েছিলেন তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হওয়ায় তাঁদের বেশিরভাগেরাই আত্মগোপন করে আছেন। এমনকী চিন্ময়কৃষ্ণের মূল আইনজীবী শুভাশিস শর্মা যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।