.webp)
এক্স ইউজার রামানুজ মুখোপাধ্যায় এবার গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে একটি খোলা চিঠি লিখেছেন
শেষ আপডেট: 11 November 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় বিদেশি পর্যটক আসা কমছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টকে ঘিরে দেশের ক্ষুদ্রতম রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তার প্রধান কারণ এক্স ইউজার রামানুজ মুখোপাধ্যায়, যিনি তথ্য-পরিসংখ্যান দিয়ে এই পোস্ট করেছিলেন, তাঁর বিরুদ্ধে পুলিশ একটি অভিযোগ দায়ের করেছে। এর বিরুদ্ধে নেট দুনিয়ায় হইহই পড়েছে। সেই রামানুজ এবার গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে একটি খোলা চিঠি লিখেছেন। যা আগুনে আরও ঘি ছড়িয়েছে।
রামানুজ তাঁর আগের পোস্টের সপক্ষে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠিতে লিখেছেন, গোয়ায় বেড়াতে এসে পর্যটকরা প্রতারিত হয়েছেন বলে মনে করছেন। তাঁর কথায়, আপনার পর্যটন দফতর আমার বিরুদ্ধে পুলিশে একটি অভিযোগ দায়ের করেছে। কারণ, আমি গোয়ায় পর্যটন আসা কমে যাওয়ার তথ্য তুলে ধরেছি। যা নিয়ে বর্তমানে বিতর্ক শুরু হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ এই যে, আমি মিথ্যা পরিসংখ্যান দিয়েছি। যার ফলে স্থানীয় ব্যবসার ক্ষতি হচ্ছে এবং স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
রামানুজের দাবি, সাওয়ান্ত সরকার ২০২৪ সালের ক্রিসমাস এবং ইংরেজি নববর্ষের সূচনাকালে গোয়ায় পর্যটকের সংখ্যা কমছে বলে স্বীকার করে নিয়েছে। ফলে তাঁর তথ্য একেবারে নতুন কিছু নয়। রামানুজের ভাইরাল পোস্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটনপ্রেমী মানুষের মনে। একজন সরাসরি লিখেছেন, তিনিও গোয়ায় গিয়ে প্রতারিত হয়েছেন। রামানুজের মতে, এই মানসিকতা ছড়িয়ে পড়ার কারণ পর্যটকদের মনে হতাশা থেকেই তাঁরা মন্তব্য করেছেন।
গোয়া পর্যটনের অবস্থা ব্যাখ্যা করে রামানুজ আরও লিখেছেন, গোয়াকে আগের মতো পর্যটক ফিরিয়ে আনতে হবে। গোয়াকে মানুষ ভালোবাসে। সেখানে সুযোগ পেলেই মানুষ যেতে চায়। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার না হলে তাঁরা এখনও গোয়ায় যেতে চান। তাঁর দাবি, যদি আপনার মনে হয় যে আমার ভুল তথ্যের জন্য এই পোস্টটি ভাইরাল হয়েছে, তা ভুল। কারণ মানুষ এই পোস্টের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা যাচাই করে দেখেছেন যে আমি যা লিখেছি তা সত্যি। তাই তাঁরা তাঁদের মনের খেদ-অভিযোগ জানিয়েছেন। গোয়ায় গিয়ে মানুষ মনে করেছে তাঁদের ঠকানো হয়েছে। তাঁরা সেই কথাই বলতে চেয়েছেন।
তিনি আরও বলেছেন, আমি নিজে গোয়ায় গিয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। স্থানীয় বাসিন্দা, ট্যাক্সি চালক, ঘরভাড়া দেওয়া বাড়ির মালিক, দোকানদার অনেককে আমি চিনি। তাঁদের কথা ভেবে আমার খারাপ লাগছে যে, তাঁরা কষ্ট পেয়েছেন উদ্বেগের মধ্যে পড়েছেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি লিখেছেন, এই অবস্থায় যদি আপনার মনে হয় রাজনৈতিক কারণে এই ব্যাপারে কাউকে বলির পাঁঠা বানাতে হবে, তাহলে আমি আসন্ন পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি আছি। কিন্তু, দুর্ভাগ্যবশত এতে আপনার সমস্যা মিটবে না।
চিঠির শেষে রামানুজ মুখ্যমন্ত্রী সাওয়ান্তকে আর্জি জানিয়ে লিখেছেন, গোয়ার পর্যটন সমস্যা মেটাতে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিন। ভারত কম কিছু চায় না, গোয়াও কম কিছু চায় না। উল্লেখ্য, গত ৫ নভেম্বর রামানুজ মুখোপাধ্যায় একটি এক্স পোস্টে লিখেছিলেন, ২০১৯ সালে থেকে ২০২৩ পর্যন্ত গোয়া বিদেশি পর্যটন আসা উল্লেখযোগ্য হারে কমেছে। তাঁর দাবি ছিল, গোয়ার পর্যটন শিল্পে তুঘলকি কাণ্ড চলতে থাকায় বিদেশিরা আসা বন্ধ করে দিয়েছেন। গোয়া ছেড়ে তাঁরা শ্রীলঙ্কার দিকে ঝুঁকছেন।