
শেষ আপডেট: 25 January 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: 'ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল'। মধ্যপ্রদেশের ভোপাল নিবাসী এই মহিলা যদি সুকুমার রায়ের হ য ব র ল পড়তেন, তাহলে হয়তো স্বামীর কাণ্ড দেখে অস্ফুটে এই কথাটাই বলতেন। কিন্তু ধরে নিতে হবে তেমনটা তিনি করেননি। তবে যা করেছেন তা নিয়েই এখন চলছে চর্চা।
৬ মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। এরই মধ্যে স্বামীর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলেন মহিলা। না, কোনও অত্যাচার বা পণের মামলা নয়। ঘুরতে যাওয়া নিয়ে কথা রাখেননি স্বামী! কথা ছিল, হানিমুনে গোয়া যাবেন দুজনে। কিন্তু আচমকাই মহিলা জানতে পারেন, তাঁর স্বামী গোয়া নয়, অযোধ্যার টিকিট বুক করেছেন। মানে, এক পলকেই গোয়া হয়ে গেল অযোধ্যা!
আদালতে মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। তিনিও একটি সংস্থায় চাকরি করছেন। দুজনেই ভাল বেতন পান। অনায়াসে তারা বিদেশ ট্রিপ করতে পারেন। কিন্তু তাঁর স্বামী তাঁকে বিদেশে নিয়ে যেতে চাননি। তাই হানিমুনের জন্য দক্ষিণ ভারতের কোনও জায়গা বা গোয়া ঠিক করা হয়। কিন্তু মহিলার অভিযোগ, গোয়ার টিকিট কাটছি বলে তাঁর স্বামী অযোধ্যার টিকিট কেটেছিলেন। ঘুরতে যাওয়ার ঠিক আগের দিন এই ব্যাপারে জানতে পারেন তিনি।
টিকিট কাটা হয়ে যাওয়ায় তারা দুজন অযোধ্যা, বারাণসী ঘুরে আসেন ঠিকই, কিন্তু ১০ দিন পর এসেই মহিলা ডিভোর্স ফাইল করেছেন। তিনি এও জানিয়েছেন, ঘুরে আসার পরপরই তাঁদের দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হয়েছিল। তাঁর স্বামী বিশ্বাস ভাঙার জন্য ক্ষমাও চাননি। তাই ১০ দিনের ট্রিপের জন্য ঝামেলার কারণে ৬ মাসের বিয়েই ভাঙতে চান তিনি।