কুণ্ডলীকৃত তাপের গোলার মধ্যে দিয়েই সাদা জামা পরে রমেশ হাতে ফোন নিয়ে বেরিয়ে আসছেন। তাঁকে দেখে ছুটে যাচ্ছেন কয়েকজন।

ছবি ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 16 June 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। কিন্তু তিনি বেঁচে গেছেন। আমেদাবাদের বিমান বিপর্যয়ের (Ahmedabad Plane Crash) ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশকে (Vishwas Kumar Ramesh) নিয়ে এখন বিশ্বজুড়ে চর্চা। দুর্ঘটনার পরই তাঁর একটি ভিডিও সামনে এসেছিল যেখানে দেখা গেছিল, তিনি হাতে ফোন নিয়ে বহাল তবিয়তে হেঁটে চলেছেন। সম্প্রতি তাঁর আরও একটা ভিডিও প্রকাশ্যে (Viral Video) এসেছে। তাতে যা দেখা যাচ্ছে তা সত্যিই অকল্পনীয়।
জুনিয়র ডাক্তারদের হস্টেল ভেদ করে ঢুকে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Crash)। দাউদাউ করে জ্বলছে সেটি। গোটা এলাকা গাঢ় কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আচমকা সেই কুণ্ডলীকৃত তাপের গোলার মধ্যে দিয়েই সাদা জামা পরে রমেশ হাতে ফোন নিয়ে বেরিয়ে আসছেন। তাঁকে দেখে ছুটে যাচ্ছেন কয়েকজন। এরপর তাঁরাই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাস্থল থেকে এমনিই এক ভিডিও এবার ভাইরাল হয়েছে।
અવિશ્વસનીય પરંતુ સત્ય!
અમદાવાદ પ્લેન ક્રેશમાં ચમત્કારિક રીતે બચેલા રમેશ વિશ્વાસનો વધુ એક વિડિઓ સામે આવ્યો.
દુર્ઘટના થયા પછી હાથમાં ફોન સાથે ચાલીને બહાર નીકળ્યો રમેશ વિશ્વાસ. #AhmedabadPlaneCrash pic.twitter.com/94WDepkKjn— Sagar Patoliya (@kathiyawadiii) June 16, 2025
৩৮ বছর বয়সি রমেশ, ব্রিটিশ নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত। তিনি বিমানের বাঁ দিকের ইমার্জেন্সি দরজার পাশে ১১এ নম্বর সিটে বসে ছিলেন। দুর্ঘটনার পরে আমদাবাদ সিভিল হাসপাতালের চিকিৎসকদের তিনি বলেন, “বিমানটি মাঝ আকাশে ভেঙে যায়, আর আমার সিটটি বিচ্ছিন্ন হয়ে ধ্বংসস্তূপের বাইরে ছিটকে পড়ে। তাই আগুন থেকে রক্ষা পাই।” তিনি আরও বলেন, “আমি লাফ দিইনি, বিমানের ভেঙে পড়ার সময় সিটে বাঁধা অবস্থাতেই আমি ছিটকে পড়ি।”
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য। দুর্ঘটনার সময় বিমানটি একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে ধাক্কা মারে। মাত্র ৬০০-৮০০ ফুট উঁচুতে উঠে বিমানটি আচমকাই নেমে আসে এবং জ্বলে ওঠে। বিস্ফোরণের শব্দ ও আগুনের কুণ্ডলী বহু দূর থেকে দেখা যায়।
বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয়। ক্রু সদস্যদের মধ্যে ছিলেন দু'জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। এই বিমানে প্রাক্তন গুজরাত মুখ্যমন্ত্রী বিজয় রূপানি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। শুধু রমেশ ছাড়া কারওই প্রাণে রক্ষা হয়নি।