
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 December 2024 09:27
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক তরুণীকে গলাকেটে খুন করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম অঞ্জলি। হত্যার পর তাঁর দেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দু'জন হলেন মোহিত সাইনি এবং অঙ্কিত শর্মা।
গত ২৫ ডিসেম্বর অঞ্জলির মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু ততক্ষণে দু'জনই পালিয়ে গিয়েছে। মোহিত সাইনি, যিনি বি.কম প্রথম বর্ষের ছাত্র এবং ফুটবল খেলোয়াড়ও। গত দুই বছর ধরে অঞ্জলির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তবে, হঠাৎ একদিন মোহিত জানতে পারে যে, অঞ্জলি তাঁকে ঠকাচ্ছে! এমনকি সে বিবাহিতও। এই কথা জানতে পারায় মোহিত তাঁর গলা কেটে হত্যা করে।
পুলিশ জানায়, এই খুনের পিছনে আরও একজনের হাত রয়েছে। মোহিতকে সাহায্য করেছে তাঁর বন্ধু অঙ্কিত। এ বিষয়ে মোরাদাবাদ জেলা পুলিশ সুপার কুমার আকাশ সিং জানান, হত্যাকাণ্ডের পেছনে একটি ওয়েব সিরিজ 'মির্জাপুর' এর প্রভাব ছিল। মোহিত জানতে পারে যে, অঞ্জলি তাঁর সঙ্গে থাকাকালীন, স্বামীর সঙ্গে যোগাযোগ রাখছে। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মোহিত পুলিশকে জানায়, প্রায় দুই বছর আগে অঞ্জলি ও তাঁর স্বামী সাদ্দামসহ মহিতের বাড়িতে ভাড়ায় থাকতেন। সাদ্দাম দিল্লিতে একটি হোটেলে কাজ করতেন এবং মাসের পর মাস বাড়ি ফিরতেন না। এসময় অঞ্জলি এবং মোহিত কাছাকাছি আসে এবং তাঁদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। তবে সম্প্রতি অঞ্জলি আবার তাঁর স্বামীর সঙ্গে কথা বলা শুরু করে।
মোহিত অনেকবার চেষ্টা করেও অঞ্জলিকে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করাতে পারেনি। তারপর মোহিত ঠিক করে, সে অঞ্জলিকে হত্যা করে অন্য একটি মেয়েকে বিয়ে করবে। 'মির্জাপুর' ওয়েব সিরিজটি দেখার পর মোহিত তাঁর প্রেমিকার গলা কেটে খুন করার পরিকল্পনা করে। এমনটাই জানাচ্ছে পুলিশ। তবে অভিযুক্তরা বর্তমানে জেলে রয়েছেন এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।