
প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 April 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) বজ্রাঘাতে (lightning strike) মৃত্যু মিছিল অব্যাহত। বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃতের (killed) সংখ্যা বেড়ে হয়েছে ২৫। বুধবার মারা যান ১৩জন। বৃহস্পতিবার মারা যাওয়া আরও ১২ জনের মধ্যে কয়েকজন আগের দিন বজ্রাঘাতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার নতুন করে বজ্রাঘাতে মারা গিয়েছেন সাত জন।
সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে একাধিক সুত্র জানিয়েছে বিহারে এর আগে বজ্রাঘাতে এত মানুষের মৃত্যুর নজির নেই। গোটা রাজ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস রাজ্যবাসীকে খোলা আকাশের নীচে না থাকার পরামর্শ দিয়েছে। বজ্রাঘাতের আশঙ্কায় তিনদিন ধরে চাষআবাদ বন্ধ। মৃতদের বেশিরভাগই গ্রামের বাসিন্দা এবং কৃষক।
এদিকে, এক মৃত্যু ঘিরে শোকের আবহে শুরু হয়েছে রাজনীতি। বিরোধী দলগুলির অভিযোগ, সরকার মৃতের প্রকৃত সংখ্যা চেপে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Office of the Chief Minister Nitish Kumar) অফিস থেকে বলা হয়েছে, সবেচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন নালন্দা (Nalanda), বেগুসরাই (Begusarai), কাটিহার (Katihar), দ্বারভাঙা (Darbhanga), ভাগলপুর (Bhagalpur) এবং জাহানাবাদে (Jehanabad)। এই জেলাগুলিতে নিহতের সংখ্যা ১৮। বাকি সাতজন অন্যান্য জেলায় মারা গিয়েছেন।
এদিকে, বিরোধী দলনেতা আরজেডির (RJD) তেজস্বী যাদবের (Tejaswi Yadav) দাবি মারা গিয়েছেন ৫০জন। এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অফিস থেকে আগেই জানানো হয়, মৃতদের পরিবার পিছু চার লাখ টাকা করে এককালীন অর্থ সাহায্য করা হবে। তিনদিন ধরে কেন লাগাতার বজ্রপাতের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি।