এক বাক্স মিষ্টি আর নগদ ৫হাজার টাকা!

ধৃত শিক্ষক।
শেষ আপডেট: 9 June 2025 23:54
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষামন্ত্রীকে (Education Minister) এক বাক্স মিষ্টি আর নগদ ৫হাজার টাকা ঘুষ দিতে গিয়ে শ্রীঘরে যেতে হল এক মাস্টারমশাইকে (Teacher)।
ঘটনাটি রাজস্থানের (Rajasthan)। ধৃত শিক্ষকের নাম চন্দ্রকান্ত বৈষ্ণব। তিনি বাঁসওয়ার জেলার বুধা ব্লকের সরকারি শিক্ষক।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে নিজের বাড়ির সামনে কিছু লোকজনের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী। তখনই ওই শিক্ষক আচমকা এক বাক্স মিষ্টি আর একটি খাম বাড়িয়ে দেন।
মন্ত্রীর কথায়, "অনেকেই বিভিন্ন আবেদন পত্র জমা দেন। খামের মধ্যে সেরকমই কিছু আছে ভেবে প্রথমে নিয়ে নিয়েছিলাম। পরে সন্দেহ হওয়ায় খাম খুলে দেখি তার মধ্যে কড়কড়ে পাঁচশো টাকার ১০টি নোট! সঙ্গে একটি আবেদনপত্র। তাতে লেখা, স্কুল সিলেবাস তৈরির কমিটিতে তাঁর জায়গা করে দিতে হবে!"
এরপরই নিজেদের নিরাপত্তারক্ষীদের দিয়ে ওই সরকারি শিক্ষককে আটক করেন মন্ত্রী। পরে স্থানীয় থানার পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। গোটা ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে শিক্ষা দফতরের তরফে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ডও করা হয়েছে।
রাজস্থানের শিক্ষামন্ত্রী বলেন, "৩৬ বছরের রাজনৈতিক জীবনে এই প্রথম কেউ আমাকে ঘুষ দেওয়ার সাহস দেখাল। তবে একজন স্কুল শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করিনি।"