চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা বলতে গিয়ে অনেকে জানান, সবকিছু এত তাড়াতাড়ি হল যে কারও কিছু করার সুযোগই ছিল না।

যমুনা নদীতে উল্টে গেল স্টিমার
শেষ আপডেট: 10 April 2026 18:14
দ্য ওয়াল ব্যুরো: মথুরার বৃন্দাবন এলাকায় যমুনা নদীতে উল্টে গেল স্টিমার। অনেক পর্যটক সেসময় ওই স্টিমারটিতে ছিলেন বলে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, এখনও বহু যাত্রী নিখোঁজ।
জেলা শাসক চন্দ্র প্রকাশ সিং জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রথমেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং জলে পড়ে যাওয়া যাত্রীদের টেনে তোলার চেষ্টা করেন। পরে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়।
চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সবকিছু এত তাড়াতাড়ি হল যে কারও কিছু করার সুযোগই ছিল না। মুহূর্তের মধ্যে স্টিমারটি কাত হয়ে উল্টে যায়। চারপাশে তখন শুধু আর্তনাদ আর বাঁচার লড়াই। তাঁরাই জানান, ওই স্টিমারটিতে দুর্ঘটনার সময় জনা ২৫ লোক ছিল।
বর্তমানে ডুবুরি ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও জলে নেমে নিখোঁজদের খোঁজ চালাচ্ছে। শৃঙ্গার ঘাট এলাকায় টানা তল্লাশি চলছে।
প্রশাসন জানিয়েছে, যতক্ষণ না প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ এই অভিযান চলবে।
ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। নিখোঁজদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় অপেক্ষা করছেন প্রিয়জনদের খোঁজের জন্য।
পুরো এলাকায় এখন শোক ও উদ্বেগের আবহ। একদিকে উদ্ধারকাজ চলছে, অন্যদিকে প্রতিটি মুহূর্তে বাড়ছে উৎকণ্ঠা। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং দ্রুত নিখোঁজদের খোঁজ মেলার আশায় দিন গুনছে পরিবারগুলি।