এই ‘ক্যাপসুল হোটেল’ (Capsule Hotel) তৈরি হয়েছে রেলের নন-ফেয়ার রেভিনিউ মডেল (Non-Fare Revenue model) অনুযায়ী, অর্থাৎ ট্রেনের ভাড়ার বাইরেও বাড়তি আয়ের নতুন উৎস হিসেবেও কাজ করবে এটি।

ক্যাপসুল হোটেল
শেষ আপডেট: 12 July 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: স্টেশনেই নিশ্চিন্তে বিশ্রামের সুযোগ! যাত্রীদের জন্য এমনই সুবিধা নিয়ে এল বিশাখাপত্তনম রেলস্টেশন (Visakhapatnam railway station premises)। পূর্ব উপকূল রেলের ওয়াল্টেয়ার ডিভিশনের উদ্যোগে সেখানে চালু হল আধুনিক স্লিপিং পড (Sleeping pods), যা দেশের রেল পরিকাঠামোয় এই ধরনের প্রথম প্রয়াস।
এই ‘ক্যাপসুল হোটেল’ (Capsule Hotel) তৈরি হয়েছে রেলের নন-ফেয়ার রেভিনিউ মডেল (Non-Fare Revenue model) অনুযায়ী, অর্থাৎ ট্রেনের ভাড়ার বাইরেও বাড়তি আয়ের নতুন উৎস হিসেবেও কাজ করবে এটি। উল্লেখযোগ্য বিষয়টি হল, এই পড ব্যবহারের জন্য ট্রেন টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট, কোনও কিছুরই দরকার নেই। সাধারণ মানুষও এর সুবিধা নিতে পারবেন।
বিশাখাপত্তনম স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের গেট নম্বর ৩-এ তৈরি হয়েছে এই বিশেষ ঘর। মোট ৮৮টি শয্যা রয়েছে এই কমপ্লেক্সে, যার মধ্যে ৭৩টি সিঙ্গেল বেড, ১৫টি ডাবল বেড। ১৮ টি বেড বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য। যার সঙ্গে আলাদা বাথরুম ও ড্রেসিং রুম থাকবে। এই ক্যাপসুল হোটেলে মহিলা যাত্রীদের নিরাপত্তা, গোপনীয়তা ও আরামের ব্যবস্থাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
কী কী সুবিধা মিলবে?
ভাড়া কত?
সিঙ্গেল বেডে ৩ ঘণ্টার জন্য ভাড়া ২০০ টাকা এবং ২৪ ঘণ্টার জন্য ৪০০ টাকা। ডবল বেডে ৩ ঘণ্টার জন্য খরচ পড়বে ৩০০ টাকা। ২৪ ঘণ্টার জন্য ডবল বেড ভাড়া নিলে দিতে হবে ৬০০ টাকা।
তীর্থ (Pilgrim) করতে এসে এই পরিষেবা নিয়েছেন তিরুপতি থেকে আসা শ্রীশ। তিনি বলেন, 'হোটেল পাওয়া যাচ্ছিল না। এই স্লিপিং পড পরিষ্কার ও আরামদায়ক। খুবই কাজে লেগেছে।' প্রার্থনা প্রায়ই কলকাতা থেকে বিশাখাপত্তনমে যাওয়া আসা করেন। তিনি বলেন, 'শোয়ার জায়গাগুলি পরিষ্কার, আরামদায়ক, মালপত্র রাখার জন্যও আলাদা জায়গা আছে। একদমই ঘরের মতো লাগছে।'
রেল দফতর জানিয়েছে, যাত্রী চাহিদা অনুযায়ী অনলাইন বুকিংয়ের সুবিধাও পরে চালু করা হতে পারে। এটি সিসিটিভি নজরদারি ও নিরাপত্তার আওতায় রয়েছে এবং রেলওয়ের নিয়ম অনুসারে পরিচালিত হবে।
এই পরিষেবা শুধু বিশাখাপত্তনম নয়, ভবিষ্যতে দেশের অন্যান্য ব্যস্ত স্টেশনেও যাত্রী পরিষেবায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন রেল কর্তারা।