
সম্ভলের শাহি জামা মসজিদ নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের।
শেষ আপডেট: 29 November 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: সম্ভলের শাহি জামা মসজিদ নিয়ে নিম্ন আদালত কোনও পদক্ষেপ করতে পারবে না, সোমবার এই মর্মে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মসজিদ-মন্দির নিয়ে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষা রিপোর্ট আপাতত মুখবন্ধ খামে বন্দি রাখতে হবে, জানাল দেশের শীর্ষ আদালত।
এদিন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলে সমীক্ষা রিপোর্ট এখনই প্রকাশ করা যাবে না। তা মুখবন্ধ খামে রাখতে হবে। এছাড়াও উত্তরপ্রদেশ ও জেলা প্রশাসনকে সম্ভলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তি বজায় রাখতে বলেছে আদালত। এর জন্য একটি শান্তি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে আদালত। এমনকী হাইকোর্টে শুনানি না হওয়া পর্যন্ত বিচারাধীন আদালত যাতে কোনও ব্যবস্থা না নেয় সেই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
নিম্ন আদালতের শুনানি স্থগিত করে দিয়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে, হাইকোর্টের কোনও আদেশ না হওয়া পর্যন্ত এই শুনানি স্থগিত থাকবে। এই মামলাটি সুপ্রিম কোর্টে ফের উঠবে ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহে। মসজিদ কমিটির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, মসজিদে হিন্দুদের প্রার্থনার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়নি কেন।
প্রধান বিচারপতি বলেন, এই মামলার পুঙ্খানুপুঙ্খ কিছুই আমরা জানি না এখনও। এই অবস্থায় আমরা চাই না, কিছু ঘটে যাক। আবেদনকারীদের অধিকার আছে রায়কে চ্যালেঞ্জ জানানোর। ফলে আপনাদের প্রথমে বিধিমতো আর্জি জানাতে হবে। আপনারা হাইকোর্টে আগে যাননি কেন? মুসলিম পক্ষ জানায়, তারা হাইকোর্টে আপিল করবে।
এদিকে, এদিনই ছিল উত্তরপ্রদেশের বিচারাধীন আদালতে সম্ভল মসজিদ-মন্দির বিতর্ক নিয়ে এএসআইয়ের সমীক্ষা রিপোর্ট জমা প্রকাশের দিন। কিন্তু আদালত কমিশনার জানান, এদিন রিপোর্ট দেওয়া যায়নি। এই সমীক্ষা রিপোর্টকে ঘিরে সকাল থেকে গোটা এলাকাকে দুর্গের চেহারা দিয়েছিল পুলিশ। শহরে ঢোকা-বেরনোর প্রতিটি রাস্তায় ছিল কড়া প্রহরা। পাথর ছোড়া ঠেকাতে রাতভর তল্লাশি চালায় পুলিশ। মসজিদের উপরে ঘুরে বেড়ায় ড্রোন। পুলিশের পদস্থ অফিসাররা জুম্মা বারের নামাজে যাতে কোনও অশান্তি না ছড়ায় তার জন্য টহল দিচ্ছেন অলিগলিতে।