
শেষ আপডেট: 1 January 2024 08:28
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গল ও বুধবার তামিলনাড়ুতে থাকবেন। যাবেন লাক্ষাদ্বীপেও। দু জায়গাতেই প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হল, তামিলনাড়ুতে এবারে সফরে তিনি প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা ও উদ্বোধন করবেন। একই সঙ্গে লাক্ষাদ্বীপে সূচনা করবেন দুই হাজার কোটি টাকার প্রকল্পের।
নরেন্দ্র মোদীর এই সফর নিয়ে তামিলনাড়ু তো বটেই গোটা দাক্ষিণাত্যেই তুমুল চর্চার শুরু হয়েছে। বস্তুত গোটা রাজনৈতিক মহলই বোঝার চেষ্টা করছে প্রধানমন্ত্রী কেন নতুন বছরের শুরুতেই তামিলনাড়ুকে তাঁর সফরের জন্য বেছে নিলেন।
নরেন্দ্র মোদী এমন একটি সময় দক্ষিণের ওই বৃহত্তম রাজ্যে যাচ্ছেন যখন সেখানে সনাতন ধর্ম নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের পুত্র দয়ানিধির সনাতন ধর্ম বিষয়ে মন্তব্যের বিরুদ্ধে গোটা দক্ষিণ ভারতে প্রচারে নেমেছে বিজেপি। দলের তামিলনাড়ু সভাপতি কে আন্নামালাই রাজ্যে পদযাত্রা করছেন। বিজেপির অভিযোগ স্টালিনের পুত্র হিন্দু ধর্মকে অবমাননা করেছেন।
প্রসঙ্গত স্টালিনের ছেলে তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী দয়ানিধি সম্প্রতি হিন্দু ধর্মকে নিকেশ করার ডাক দেন। তিনি অবশ্য যুক্তি দেন তিনি হিন্দু ধর্মের জাতপাতের প্রথা নির্মূল করার ডাক দিয়েছেন।
বিজেপি সহ সঙ্ঘ পরিবার তাতে পিছু হঠতে নারাজ। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী মন্ত্রীদের বলেছেন স্টালিন পুত্রের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নামতে।
মনে করা হচ্ছে দুদিনের তামিলনাড়ু সফরে নরেন্দ্র মোদীও এই ব্যাপারে সরম হবেন। তিনি তিরুচিরাপল্লিতে অনেকটা সময় কাটাবেন। বিজেপি সেখানে বিশেষ স্বচতা অভিযান চালাচ্ছে গত দু দিন ধরে।
তবে প্রধানমন্ত্রীর দক্ষিণের বৃহত্তম রাজ্যে বছরের শুরুতে যাওয়ার পেছনে জোর জল্পনা শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে। অনেকদিন ধরেই এ নিয়ে চর্চা আছে যে প্রধানমন্ত্রী এবার বারাণসীর পাশাপাশি তামিলনাড়ুর কোন আসন থেকেও প্রার্থী হতে পারেন। দক্ষিণ ভারতে বিজেপির প্রভাব বাড়াতেই এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি।
তাছাড়া দক্ষিণের ওই রাজ্যে বিজেপির দীর্ঘদিনের শরিক এআইএডিএমকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটে গিয়েছে। ফলে বিজেপিকে একাই সেখানে নির্বাচনী বৈতরণী পেতে হবে।
যে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী রামেশ্বরম জেলার রামেশ্বরপুরম লোকসভা আসন থেকে প্রার্থী হতে পারেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে ময়দানে নেমে তার অন্যতম উদ্দেশ্য হল দক্ষিণ ভারতে পদ্ম ফোটানো। এজন্য গত বছর থেকে তামিল-কাশী সঙ্গম অনুষ্ঠান শুরু করেছে ভারত সরকার। বারাণসীতে মোদীর উদ্বোধন করা সেই অনুষ্ঠান এখনও চলছে। দক্ষিণ ভারতের সঙ্গে উত্তরের প্রাচীন সম্পর্ক তুলে ধরাই কাশী-তামিল সঙ্গম অনুষ্ঠানের উদ্দেশ্য।
মোদীর পাশাপাশি নির্মলা সীতারমন, এস জয়শঙ্করের মতো মন্ত্রীরাও এবার তামিলনাড়ু থেকে প্রার্থী হতে পারেন। বর্তমানে দু জনেই রাজ্যসভার সদস্য। নির্মলা প্রধানমন্ত্রীর দু দিনের সফরে থাকবেন। তিনি কয়েকদিন যাবৎ তামিলনাড়ুতে মোদী সরকারের 'ভারত বিকশিত যাত্রা'র কাজ তদারক করছেন।