.webp)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
শেষ আপডেট: 30 April 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় দফার লোকসভা ভোট হবে আগামী ৭ মে। তার আগে ৯৪ জন বিজেপি প্রার্থী, যাঁদের ভাগ্যপরীক্ষা হবে ওইদিন, তাঁদের বিশেষ উপদেশ-নির্দেশ দিয়ে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার হ্যাটট্রিকের রেকর্ডকে লক্ষ্য করে এগোচ্ছেন মোদী। ভোটদৌড়ের সেই ফিনিশিং টাচে পৌঁছতে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার কংগ্রেসি নীতির বিরুদ্ধে প্রচারের কথা বিজেপি প্রার্থীদের স্মরণ করিয়ে দেন।
পত্রাদেশে মোদী প্রার্থীদের বলেছেন, ইন্ডিয়া জোটের কর্মসূচি হল তফসিলি জাতি-উপজাতি এবং অনগ্রসর শ্রেণির কাছ থেকে থাবা মেরে সংরক্ষণের কোটা মুসলিমদের হাতে তুলে দেওয়া। এ নিয়ে তাঁরা যেন ভোটারদের সচেতন করেন। কংগ্রেসের ইস্তাহারের কথা উল্লেখ করে আরও লিখেছেন, উত্তরাধিকার করের মতো বিপজ্জনক ভাবনা নিয়েও ভোটারদের দরজায় প্রচার করতে।
গুজরাতের পোরবন্দরের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয়া মোদীর চিঠি প্রাপকদের একজন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সেই ভোকাল টনিকের কপিসহ একটি এক্স পোস্ট করেন মাণ্ডব্য। সেখানে মোদী সাফ বলেছেন, কংগ্রেসের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তুলুন। মেরি সাথী কার্যকর্তা বলে সম্বোধন করে মোদী বলেছেন, ওরা মুসলিমদের সংরক্ষণ চালু করতে তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসরদের হকের ভাগ ছিনিয়ে নিতে চাইছে। এটাই আপনারা প্রচার করুন।
माननीय प्रधानमंत्री @NarendraModi जी इन प्रेरणादायी शब्दों के लिये मैं आपका हृदय से आभार प्रकट करता हूँ।
— Dr Mansukh Mandaviya (मोदी का परिवार) (@mansukhmandviya) April 30, 2024
पिछले 10 वर्ष आपके द्वारा किए गये कार्यों से गरीब, युवा, किसान और नारी शक्ति के जीवन में बड़ा परिवर्तन आया है। आपके इन सुझावों पर हम सब कार्यकर्ता पूरी मेहनत करेंगे। pic.twitter.com/PljxKHWJvO
সকলকে ভোট-সঞ্জীবনী সুধা গিলিয়ে দিতে সকল বিজেপি প্রার্থীর ১০ বছরের অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন মোদী। এটা কোনও সাধারণ নির্বাচন নয়। বিজেপির পক্ষে প্রতিটি ভোট দেশকে আরও শক্তিশালী সরকার উপহার দেবে। ২০৪৭ সাল পর্যন্ত ভারতকে আরও উন্নত করার কাজ সহজ হবে। আমাদের বর্তমান ও ভবিষ্যৎ উজ্জ্বল করতে এটাই সুবর্ণ সুযোগ, লিখেছেন মোদী।
কংগ্রেসকে একহাত নিয়ে আরও বলেছেন, পাঁচ-ছয় দশক ধরে এই দেশ এবং আমাদের পূর্বসূরীরা যে দুর্ভোগ সহ্য করেছেন সেখান থেকে মুক্তি ও শান্তি ফিরিয়ে দেওয়াই আমাদের কাজ। গত ১০ বছরে ভারত অনেক সমস্যার সম্মুখীন হলেও ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছি আমরা।
কংগ্রেস এবং ইন্ডি জোটের শরিকরা যে বিভাজন এবং স্বেচ্ছাচারী নীতি-আদর্শের পথ নিচ্ছে তার বিরুদ্ধে জোরদার আওয়াজ তুলতে হবে। ওরা ওদের মুসলিম তোষণের ভোটব্যাঙ্ক নিয়ে ব্যস্ত। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ এমনিতেই অসাংবিধানিক। ওরা মানুষের কষ্টের রোজগারের পয়সা ছিনিয়ে ওদের ভোটব্যাঙ্কের খাতায় জমা করতে চাইছে। ওদের বিপজ্জনক ভাবনার বিরুদ্ধে দেশের মানুষকে একত্রিত করতে হবে, বলেন মোদী।