
বিল গেটস এবং নরেন্দ্র মোদী - ফাইল চিত্র
শেষ আপডেট: 29 March 2024 10:20
দ্য ওয়াল ব্যুরো: ভারত সফরে এসে গত ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, মোদীর থেকে অনেক কিছু শেখার আছে। সেই সাক্ষাতের কিছু সপ্তাহ পর শুক্রবার ফের বৈঠক করলেন দু'জন। এবার মোদী সরকারের ডিজিটাল উদ্যোগের দারুণ প্রশংসা করলেন গেটস। বললেন, ভারত বিশ্বের বিভিন্ন দেশকে পথ দেখাচ্ছে।
প্রধানমন্ত্রীর বাসভবনেই বিল গেটস বৈঠক করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। তাঁদের আলোচনায় উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ডিজিটাল ভারত, এমনকী জলবায়ু পরিবর্তনের মতো বিষয়। ভারত বিগত কিছু বছরে ডিজিটালি যেভাবে উন্নতি করেছে তার সুখ্যাতি করেছেন গেটস। তাঁর কথায়, ''ভারত শুধু প্রযুক্তির ব্যবহারই শিখছে না, সেটা নিয়ে দারুণ কাজও করছে। বর্তমানে ভারতে ডিজিটাল সরকার চলছে।'' গেটসের বক্তব্য, নতুন নতুন প্রযুক্তিকে গ্রহণ করে ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে।
দেশের ডিজিটাল প্রযুক্তি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ''ইন্দোনেশিয়ায় জি২০ শীর্ষ সম্মেলনের সময়ে সারা বিশ্বের প্রতিনিধিরা আমাদের দেশের ডিজিটাল বিপ্লব সম্পর্কে তাদের কৌতূহল প্রকাশ করেছিলেন। আমি বলেছিলাম, আমরা প্রযুক্তিকে গণতান্ত্রিক করেছি। এখানে জনতার দ্বারা, জনতার জন্য প্রযুক্তি চলছে। কোনও মনোপোলি নেই।'' এই প্রসঙ্গে 'নমো ড্রোন দিদি' প্রকল্প সম্পর্কেও গেটসে বোঝান মোদী। জানান, এর দ্বারাই দেশে প্রযুক্তি সম্পর্কে সচেতন করা হয়।
#WATCH | PM Narendra Modi and Bill Gates discuss the Digital revolution in India as well as the Health, Agriculture and Education sectors in India.
— ANI (@ANI) March 29, 2024
PM Modi says, "During the G20 Summit in Indonesia, representatives from around the world expressed their curiosity about the… pic.twitter.com/q6C3uU3ZRQ
ভারতের ডিজিটাল প্রগতি দেখে উচ্ছ্বসিত বিল গেটস। তিনি মোদী সরকারের প্রশংসা করে বলেছেন, ভারতে অতীতে যে সাফল্য অর্জন করেছে তাকেও বর্তমান সময় ছাপিয়ে গেছে। ডিজিটাল উদ্ভাবনের মতো অনেক নতুন বিষয় সামনে এনেছে ভারত। বিশ্ব এখন ভারতের কাছ থেকে অনেক কিছু শিখছে।