বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। দু’জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টারও বেশি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 June 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ (Ahmedabad Plane Crash) থেকে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের দিকে সবে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। কিন্তু ওড়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ডিজিসিএ (DGCA) বা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন।
জানা গিয়েছে, বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। দু’জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টারও বেশি। এত অভিজ্ঞ হাতে বিমানের রাশ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটায় উদ্বেগ তৈরি হয়েছে।
ডিজিসিএ তাদের স্টেটমেন্টে বলেছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ফ্লাইট নম্বর এআই-১৭১, আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল স্থানীয় সময় দুপুর ১টা ৩৯ মিনিটে (IST)। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ‘মে-ডে’ সংকেত পাঠায় বিমানটি, কিন্তু তার পর আর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি পাইলটরা।
বিমানটি রানওয়ে ২৩ থেকে ছাড়ার পরপরই এয়ারপোর্ট চত্বরের বাইরে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে গলগল করে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল, যাঁর উড়ান অভিজ্ঞতা প্রায় ৮২০০ ঘণ্টা। সহ-পাইলট ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুণ্ডার, যাঁর ফ্লাইং আওয়ার ছিল ১১০০। কেবিন ক্রু মিলিয়ে মোট ১২ জন কর্মী ছাড়াও বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে।