নরেন্দ্র মোদী সরকার শনিবার পদস্থ আইপিএস অফিসার পরাগ জৈনের নাম পরবর্তী র-প্রধান হিসেবে ঘোষণা করে।

পরবর্তী র-প্রধান পরাগ জৈন। ফাইল ছবি।
শেষ আপডেট: 28 June 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (RAW) শীর্ষ পদে বসতে চলেছেন আইপিএস (IPS) অফিসার পরাগ জৈন ( Parag Jain)। নরেন্দ্র মোদী সরকার শনিবার পদস্থ আইপিএস অফিসার পরাগ জৈনের নাম পরবর্তী র-প্রধান হিসেবে ঘোষণা করে। ১৯৮৯ সালের পাঞ্জাব ক্যাডারের আইপিএস হলেন জৈন। আগামী ১ জুলাই থেকে তিনি কার্যভার গ্রহণ করবেন। বর্তমান র-প্রধান রবি সিনহার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। জৈন র-প্রধান থাকবেন আগামী ২ বছর।
গোয়েন্দা মহলে সুপার চর নামে খ্যাত জৈন গোয়েন্দাবৃত্তিকে মগজাস্ত্র ও প্রযুক্তি কৌশলকে এক সুতোয় গাঁথতে পারদর্শী। সরকারি কর্তাদের কথায়, দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্বে ছিলেন এই অফিসার। যার মধ্যে সবথেকে বড় অভিযানটি হল অপারেশন সিঁদুর। যেখানে তাঁরই দেওয়া ইনপুটের ভিত্তিতে ভারত অব্যর্থ নিশানা করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
অনেকেই তখন বলেন, ক্ষেপণাস্ত্র যেমন কয়েক মিনিটের মধ্যে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। তেমনই বছরের পর বছরের সাধনা ও কষ্টার্জিত তথ্য জোগাড়ের নৈপুন্যের হকদার ছিলেন জৈন। পরাগ জৈনের জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদ নিয়ে ব্যাপক জ্ঞান ও হাতেকলমে অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালে পাঞ্জাব পুলিশের ডিজি পদে উন্নীত হন। ক্যাবিনেটের নিয়োগ কমিটি তাঁর নাম অনুমোদন করে ২৮ জুন। এর সঙ্গেই শেষ হল পরবর্তী র-প্রধান কে হবেন, সেই জল্পনাও।