
তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা।
শেষ আপডেট: 9 June 2024 22:04
দ্য য়াল ব্য়ুরো: তীর্থ করে ফেরার পথে জঙ্গি হামলার কবলে তীর্থযাত্রীদের একটি বাস। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত পক্ষে আরও ৩৩জন।
রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার শিব খোরি মন্দির থেকে কাটরায় ফিরছিল তীর্থযাত্রীদের বাসটি। পুলিশ সূত্রের খবর, তখনই বাসের চালককে লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা।
পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) রেসি মোহিতা শর্মা বলেন, গুলির আঘাতে চালক বাসের ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপরই যাত্রী সমেত বাসটি খাদে পড়ে যায়। তাতে এখনও পর্যন্ত ১০ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত পক্ষে আরও ৩৩জন।
তবে আহত ও নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জঙ্গি হামলার কবলে পড়া তীর্থযাত্রীরা স্থানীয় নন। পুলিশের দাবি, শিব খোরি মন্দির ও সংলগ্ন এলাকা সুরক্ষিত ছিল। তা সত্ত্বেও কীভাবে জঙ্গি হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জঙ্গিরা রাজৌরি, পুঞ্চর পাশাপাশি রিয়াসিতেও ঘাটি গেড়েছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল টিম। খাদে পড়া বাসের বাকি যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।