
পুড়ে ছাই গুদাম
শেষ আপডেট: 5 October 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: আগুনে পুড়ে ছাই গুদাম। শুক্রবার গভীর রাতে মুম্বই থেকে ৪০ কিলোমিটার দূরে বহুদিনের পুরনো একটি গুদামে বিধ্বংসী আগুন লাগে বলে খবর। গুদামে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে খবর। পরে ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের জেরেই মুম্বইয়ের ভিওয়ান্ডি তালুকায় অবস্থিত ভি লজিস্টিক্স-এর গুদামে আগুন লাগে।
আগুনের তিব্রতা এতটাই বেশি ছিল যে কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুদামটি মুম্বই-নাসিক হাইওয়ের একদম কাছে অবস্থিত হওয়ার কারণে ব্যাহত হয় যান চলাচল।
শুক্রবার গভীর রাতে আগুন লাগার বিষয়টি সামনে আসতেই স্থানীয়রা দমকল ও পুলিশকে খবর দেন। তবে আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ভিওয়ান্ডি, ঠাণে ও কল্যাণ থেকে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
সূত্রের খবর, গুদামের পাশাপাশি সেখানে মজুত থাকা তেল, প্ল্যাস্টিকের সামগ্রী, কাপড় ও রাসায়নিক দ্রব্য সব নষ্ট হয়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।