হাসপাতালে চিকিৎসাধীন রাজা বাবু
শেষ আপডেট: 21 March 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: পেটে অসম্ভব ব্যথা। তা সহ্য করতে না পেরে ইউটিউব (You Tube) দেখে নিজের পেটে অস্ত্রোপচার (Operation) করতে গিয়ে বড়সড় কাণ্ড বাধালেন এক ব্যক্তি। স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ৩২ বছর বয়সি যুবক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরার (Mathura) ঘটনা।
জানা গিয়েছে, রাজা বাবু নামে ওই যুবক এর আগেও অনেক চিকিৎসককে দেখালেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে পেটের ব্যথা বাড়তে থাকে তাঁর। এরপরই নিজের চিকিৎসার ভার নিজের হাতেই তুলে নেন।
অভিযোগ, ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও দেখার পর স্থানীয় একটি দোকান থেকে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ব্লেড, সেলাইয়ের উপকরণ ও অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশন কেনেন। তারপর নিজের পেট কেটে সমস্যা সমাধানের চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে মথুরার একটি হাসপাতালে ভর্তি করেন বলে খবর।
পরিবার সূত্রে খবর, বুধবার সকালে যুবক তাঁর ঘরে অস্ত্রোপচার শুরু করলে বাধে বিপত্তি। কিছুক্ষণ পর অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশনের ডোজ কমে যেতেই পেটে ব্যথা কমা তো দূর উল্টে আরও বেড়ে যায় এবং তিনি চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে রাজা বাবুর ভাগ্নে রাহুল জানিয়েছেন, "ইউটিউব ভিডিও দেখার পর নিজের শরীরের অস্ত্রোপচার করে মামা। তারপরই এমন কাণ্ড।"
রাহুল আরও বলেন, ১৮ বছর আগে মামার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। গত কয়েকদিনে তাঁর পেটে ব্যথা বাড়তেই কয়েকজন চিকিৎসকের সঙ্গে পরামর্শও করেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বর্তমানে অবস্থার অবনতি হওয়ায় রাজা বাবুকে আগ্রার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।