
শেষ আপডেট: 5 February 2024 20:57
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে স্ত্রীর খুবই আগ্রহ। রাজ্য থেকে দেশের রাজনীতির হাল-হকিকতের নিয়মিত খোঁজখবর রাখেন তরুণী। এদিকে বিষয়টি যে মেনে নিতে পারেন না স্বামী। বারণ করেও শোনেননি স্ত্রী। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বিবাহ বিচ্ছেদ চেয়ে বসলেন যুবক।
আজকাল সম্পর্কে ভাঙনের ছবি সর্বত্র। চুন থেকে পান খসলেই বিচ্ছেদের পথে হাঁটতে পিছবা হন না দম্পতিরা। কারণ যাই হোক না কেন, সম্পর্কে আপোষ নৈব নৈব চ। বাড়ছে ডিভোর্সের সংখ্যা। কিন্তু কখনও জীবনসঙ্গীর রাজনীতিতে আগ্রহের কারণে বিচ্ছেদ হতে দেখেছেন? শুনতে অবাক লাগলেও সম্প্রতি উত্তরপ্রদেশের আগরায় এমনই এক ঘটনার নজির মিলেছে।
দু'বছর আগে আগরার সিকান্দরা এলাকার বাসিন্দা ওই যুবকের সঙ্গে থানা এলাকার এক তরুণীর বিয়ে হয়েছিল। তাঁদের এক সন্তানও রয়েছে। যুবক অভিযোগ করেছেন, স্ত্রীর রাজনীতি এবং সামাজিক কাজে বড্ড বেশি আগ্রহ। সারা শহর জুড়ে রয়েছে তাঁর নিজের হোর্ডিং, পোস্টার। শুধু তাই নয়, স্ত্রীর ‘অতিরিক্ত জনপ্রিয়তা’, নিত্যদিন অপরিচিতদের সঙ্গে মেলামেশা পছন্দ নয় তাঁর।
সম্পর্কে স্বামী-স্ত্রী উভয়কেই নিজেদের মধ্যে মানিয়ে চলতে হয়, সম্মান জানাতে হয় নিজেদের ইচ্ছাকে। তবে আগ্রার এই দম্পতির ক্ষেত্রে সে রকম কিছু ঘটেনি। আসলে স্ত্রীর রাজনীতিতে জনপ্রিয়তায় খুশি নন স্বামী। সেই সমস্যা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন দম্পতি। আপাতত পুলিশ তাঁদের ‘কাউন্সেলিং’ করার চেষ্টা করছে।
প্রতি রবিবার আগ্রা পুলিশের তরফে ফ্যামিলি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে চিকিৎসক অমিত গৌড় তিনবার ওই দম্পতির কাউন্সেলিং করেছে। কিন্তু অনেক বুঝিয়েও যুবককে 'ঠান্ডা' করা যায়নি। স্ত্রী রাজনীতি না ছাড়লে ঘর করবেন না বলে সাফ জানিয়েছেন তিনি। এদিকে রাজনীতি ছাড়তে রাজি নয় স্ত্রীও। দম্পতির বিবাহ বিচ্ছেদ আটকানোর চেষ্টা করছে পুলিশ।