
লালুপ্রসাদ যাদব
শেষ আপডেট: 16 February 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: "পদপিষ্টের মতো খবর শুনতে একদমই ভাল লাগে না। এই ধরনের ঘটনা কেন্দ্রীয় সরকারের অপর্যাপ্ত ব্যবস্থার প্রমাণ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবেরও অবশ্যই পদত্যাগ করা উচিত। এটা পুরোপুরি রেলের ব্যর্থতা।" শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ঘটনায় ক্ষুব্ধ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। শুধু তাই নয়, কুম্ভকেও 'অর্থহীন' বলেও মন্তব্য করেন তিনি।
কুম্ভের পদপিষ্টের ঘটনার দু’সপ্তাহের মধ্যে শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে আরও একটা পদপিষ্টের ঘটনার সাক্ষী থাকল দেশ। এ বারও সেই কুম্ভমেলাকে কেন্দ্র করেই। ঘটনাস্থল ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্ম।
ঘটনায় এখনও পর্যন্ত মহিলা এবং শিশু মিলিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহতও অনেকে। দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে রেলপুলিশও।
রেলের ডেপুটি পুলিশ কমিশনার কেপিএস মলহোত্র জানিয়েছেন, প্রয়াগরাজ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই বিপুল সংখ্যক যাত্রী ওই প্ল্যাটফর্মে চলে আসেন। স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস দেরি করায় সেই ট্রেনের যাত্রীরাও ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড় জমিয়েছিলেন। ফলে একসঙ্গে কয়েক হাজার যাত্রী ওই তিনটি প্ল্যাটফর্মে হাজির হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
কিন্তু যাত্রীদের কেউই পুলিশকে সহযোগিতা করছিলেন না বলে দাবি রেলপুলিশের ডেপুটি কমিশনার। তার মধ্যে ওভারব্রিজে দাঁড়িয়ে থাকা যাত্রীরাও হুড়মুড়িয়ে নামতে শুরু করেন। আর তাতেই পদপিষ্ট হন অনেকে।