ভিডিও বলছে, তরুণীর পাশেই বসা ব্যক্তি বারবার তাঁর বুকের দিকে তাকাচ্ছিলেন। একসময় তরুণী সরাসরি তাকাতেই তিনি চোখ ফিরিয়ে নেন।

ভাইরাল ভিডিওর সেই ছবি
শেষ আপডেট: 4 September 2025 13:22
দ্য ওয়াল ব্যুরো: শাড়ি পরেও যেন শান্তি নেই! এক মহিলা যাত্রীর বুকের দিকে ঠায় তাকিয়ে বসে আছেন পাশে বসে থাকা বয়স্ক সহযাত্রী (Kochi woman bus harassment)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই এক ভিডিও (Kerala woman harrassment in onam saree viral video) ঘিরে তোলপাড় হয়ে উঠেছে ইন্টারনেট দুনিয়া। একই সঙ্গে উসকে দিয়েছে, সমাজে মহিলাদের সঙ্গে হওয়া একের পর এক নির্যাতনের কারণ এবং শুরু হয়েছে তা নিয়ে বিতর্ক।
ঘটনাটি ঘটেছে কেরলের কোচিতে। এক মহিলা বাসে উঠেছিলেন। স্থানীয় উৎসব ‘ওনাম’ (Onam) উপলক্ষে সুন্দর করে সেজেছিলেন। পরনে ছিল কেরলের ঐতিহ্যবাহী সাদা-সোনালি শাড়ি ও লাল ব্লাউজ। কিন্তু ঘটনাচক্রে সেই বাসযাত্রা অস্বস্তিকর হয়ে ওঠে তাঁর জন্য। তিনি নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন পাশে বসা এক ব্যক্তিকে, যিনি বারবার তাঁর বুকের দিকে তাকাচ্ছিলেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, “পোশাক কখনওই সমস্যার অংশ নয়।”
ভিডিওতে কী দেখা যাচ্ছে?
ভিডিওতে দেখা যায়, ওই তরুণীর পাশেই বসা এক ব্যক্তি বারবার তাঁর দিকে তাকাচ্ছিলেন। একসময় তরুণী সরাসরি তাকাতেই তিনি চোখ ফিরিয়ে নেন। কিন্তু তিনি সামান্য মাথা ঘোরাতেই ফের সেই ব্যক্তি তাঁর দিকে তাকাতে শুরু করেন।
(‘দ্য ওয়াল’ ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি।)
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
একজন লিখেছেন, “এটা প্রমাণ করে দিল, পোশাক আসল বিষয় নয়।” আরেকজন মন্তব্য করেছেন, “আমি অবাক হয়ে যাই, এখনও কেউ কেউ এই বুড়ো লোকটার পক্ষ নিচ্ছে। এটা পরিণতমনস্কতা নয়, নিছক অজ্ঞতা। প্রতিটি মেয়ে একইভাবে প্রতিক্রিয়া দেখায় না। কেউ ভয়ে চুপ থাকে, কেউ পাল্টা জবাব দেয়। ওঁর সাহস হয়েছে ভিডিও করে ঘটনাটি প্রকাশ্যে আনতে, যাতে অন্যরা জানেন যে, এরকম পুরুষ এখনও আছে। পরের বার যদি সে এমন কিছু করে, মানুষ চিনতে পারবে। তার পরিবার বা বন্ধুরাও দেখবে, আসল চরিত্রটা কী। তাই মেয়েটার প্রতিক্রিয়া নিয়ে বিচার না করে, তাঁকে সাপোর্ট করা উচিত। ওঁর কাজ সঠিক।”
আরেকজন লিখেছেন, “অনেকে বলছেন লোকটা ফোনের দিকে তাকাচ্ছিল। একদম না। ভাল করে দেখলেই বোঝা যায়, কখন সে ফোনের দিকে তাকাচ্ছে আর কখন মেয়েটির দিকে। চোখের কোণের ওই তাকানোটা স্পষ্ট। তাই মাফ করার চেষ্টা বন্ধ করুন। অসভ্য পুরুষরা কোনও অজুহাতের যোগ্য নয়।”
অন্য এক ব্যবহারকারী আক্ষেপ করে লিখেছেন, “কী ভীষণ অস্বস্তিকর! আসলে মেয়েরা শাড়ি বা অন্য কিছু পরুক না কেন, পুরুষতান্ত্রিক মানসিকতার শিকার হবেই। ব্লাউজ পরা মানেই দায় নয়, সোজা কথায় বললে, স্ট্রেইটজ্যাকেট পরলেও নিস্তার নেই। কারণ, তুমি নারী, আর সমাজে এখনও এরকম পুরুষ আছে।”