
ডোনাল্ড ট্রাম্প।
শেষ আপডেট: 7 May 2025 04:01
দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল লিখন স্পষ্ট ছিল। হয়েছেও তাই। বুধবার ভোর রাতে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় নিঁখুত হামলা চালিয়ে পর পর জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী (India strikes terror bases in Pakistan)। তার পর রাত পৌনে দুটো নাগাদ নয়াদিল্লি তা সরকারি ভাবে ঘোষণা করেছে।
ভারতের এই পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump)। এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা জানতাম, কিছু একটা হতে চলেছে। ভারত ও পাকিস্তান বহু বছর ধরেই এই সংঘর্ষে জড়িয়ে রয়েছে। আমি চাই, এটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়।”
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই কথার মধ্যেই সাফ বার্তা রয়েছে। নয়াদিল্লি যে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ভাঙতে হামলা চালাবে, সেই ইঙ্গিত ওয়াশিংটনকে দিয়েই রেখেছিল সাউথ ব্লক। অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে তাই হয়তো আগে থেকে ধারণা ছিল মার্কিন প্রেসিডেন্টের।
তবে ভারতের বিদেশ মন্ত্রক এদিন স্পষ্ট করে দিয়েছে যে ‘অপারেশন সিঁদুর’ নামে যে আঘাত হেনেছে ভারত তা ছিল পরিমিত। এই অভিযানে কোনো পাকিস্তানি সামরিক কাঠামোয় আঘাত হানা হয়নি। অর্থাৎ জঙ্গি ঘাঁটি ভাঙা হয়েছে ঠিকই, কিন্তু দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়ানো এই হামলার উদ্দেশ্য নয়। সূত্রের দাবি, হামলাগুলি ভারতীয় সীমান্তের মধ্য থেকেই চালানো হয়েছে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, “টার্গেট নির্বাচন ও হামলার পদ্ধতির ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।”
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, হামলায় মসজিদ ও অসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে। হামলার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর পাকিস্তানের দিক থেকে ভারী গুলির শব্দ শোনা যায়। ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে বলে জানা গেছে।
পাকিস্তান সেনার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, বাহাওয়ালপুর, কোটলি এবং মুজাফফরাবাদে আঘাত হানা হয়েছে। তারা জানিয়েছে, পাকিস্তান বায়ুসেনার বিমানও তখন আকাশে ছিল। "নিজেদের পছন্দমতো সময় ও স্থানে" জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।