দিল্লি–কলকাতা রুটে আজকের একমুখী ভাড়া প্রায় ৩২ হাজার টাকা। রাউন্ড ট্রিপে আগামীকাল খরচ ৮৫ হাজার—যা ইউরোপ যাওয়ার থেকেও বেশি! তুলনায় দিল্লি–লন্ডন বা দিল্লি–প্যারিসের ওয়ানওয়ে টিকিট ২৫ হাজার টাকা-র নীচে।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 December 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগোর (Indigo) ভয়াবহ অচলাবস্থায় বিপর্যস্ত দেশের আকাশপথ। শতাধিক ফ্লাইট বাতিলের (Flight Cancelled) পর এবার যাত্রীদের পকেটে বড়সড় ধাক্কা! হঠাৎ আকাশছোঁয়া ভাড়ায় পৌঁছে গেছে অধিকাংশ রুটের টিকিট (Ticket Price)। শেষ মুহূর্তে অন্য এয়ারলাইনে সিট পেতে যাত্রীরা এখন বহু গুণ বেশি খরচ করতে বাধ্য হচ্ছেন।
ইন্ডিগোর (Indigo) টানা বাতিলে বুকিং প্ল্যাটফর্মগুলিতে চাহিদার ঝড় ওঠায় এক লাফে দ্বিগুণ-তিনগুণ বেড়েছে ভাড়া। এমনকী দেশের ব্যস্ততম রুটগুলির ভাড়া এখন আন্তর্জাতিক গন্তব্যের থেকেও অনেক বেশি। বিদেশের ফ্লাইট টিকিটে (International Ticket Price) যেখানে তুলনায় কম খরচ, সেখানে অভ্যন্তরীণ ট্রাভেল হয়ে উঠল রীতিমতো বিলাসিতা।
দিল্লি–মুম্বইয়ের (Delhi-Mumbai) রিটার্ন টিকিট এখন প্রায় ৬০ হাজার টাকা। সাধারণত শেষ মুহূর্তে বুক করলে যেটি ২০ হাজারের আশপাশে পাওয়া যায়। ওয়ানওয়ের জন্য লাগছে প্রায় ৩৫ হাজার। পরিস্থিতি এমন যে, আজ দিল্লি থেকে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর বা লখনউ - কোনও দিকেই ফ্লাইট পাওয়া যাচ্ছে না।
শনিবার দিল্লি–হায়দরাবাদ (Delhi-Hyderabad) যেতে চাইলে ইকনমিতে ভাড়া ৪৮ হাজার টাকারও বেশি - যে রুটে সাধারণত ৭ হাজারের বেশি দিতে হয় না। অন্যদিকে, দিল্লি–কলকাতা (Delhi-Kolkata) রুটে আজকের একমুখী ভাড়া প্রায় ৩২ হাজার টাকা। রাউন্ড ট্রিপে আগামীকাল খরচ ৮৫ হাজার—যা ইউরোপ যাওয়ার থেকেও বেশি! তুলনায় দিল্লি–লন্ডন বা দিল্লি–প্যারিসের ওয়ানওয়ে টিকিট ২৫ হাজার টাকা-র নীচে।
ইন্ডিগো আজ মধ্যরাত পর্যন্ত দিল্লি থেকে সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। মোট বাতিলের সংখ্যা ইতিমধ্যেই ৫২৩ ছাড়িয়েছে। ফলে যাত্রীদের সামনে কোনও বিকল্প নেই - অন্যান্য সংস্থায় শেষ মুহূর্তের বুকিং মানেই অতিরিক্ত বিশাল খরচ।
সমস্যা শুধু দিল্লি নয়, গোটা দেশের রুটেই প্রভাব ফেলছে। মুম্বই–চেন্নাই একমুখী ভাড়া আজ প্রায় ৬০ হাজার টাকা - যেখানে এক সপ্তাহ পর একই রুটে ভাড়া মাত্র সাড়ে চার হাজার। মুম্বই–শ্রীনগরের একমুখী টিকিট ৬২ হাজারের নীচে নেই, রিটার্ন যোগ করলে খরচ ছাড়িয়ে যাচ্ছে ৯২ হাজার টাকা।
নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস (FDTL) অনুযায়ী পাইলট ও ক্রুদের বিশ্রাম সময় বাড়ায় ইন্ডিগোর ক্রু-সংকট তীব্র হয়। সংস্থার স্বীকারোক্তি, নতুন নিয়মে পাইলটের প্রয়োজনীয় সংখ্যা ভুলভাবে আন্দাজ করাই এই ভয়াবহ বিপর্যয়ের কারণ।