
অমিত শাহ
শেষ আপডেট: 4 October 2024 14:57
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস চাইছে দেশের যুব সমাজকে মাদকের দুনিয়ায় বুঁদ করে দিতে! এমনই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সম্প্রতি দিল্লিতে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার মাদকের সন্ধান পেয়েছে পুলিশ। ঘটনায় একাধিকজনকে গ্রেফতারও করেছে তাঁরা। আর এর পরই অমিত শাহ নিশানা করলেন কংগ্রেসকে।
দক্ষিণ দিল্লিতে তল্লাশি অভিযান চলাকালীন প্রায় ৫০০ কেজি মাদক পেয়েছিল পুলিশ। তার সঙ্গে ছিল ৪০ কেজি গাঁজাও। সব মিলিয়ে তার বাজারদর কমপক্ষে ৫ হাজার ৬০০ কোটি টাকা! তুষার গোয়েল নামে এক ব্যক্তি এই মাদক চক্রের মাথা বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর পাশাপাশি আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় কংগ্রেসকে টেনে এনেছেন।
অমিত শাহর কথায়, কংগ্রেস দেশের যুবসমাজকে মাদকের অন্ধকার দুনিয়ার দিকে ঠেলে দিচ্ছে। তাঁর অভিযোগ, মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া মূল অভিযুক্তর সঙ্গে সেই দলের যোগসূত্র রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাত শিবির। অমিত শাহ সোশ্যাল মাধ্যমে কড়া বার্তা দিয়ে লিখেছেন, ''মাদক ইস্যুতে মোদী সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কোনও ভাবেই এইসব কাজে যুক্ত ব্যক্তিদের রেয়াত করা হবে না।''
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, দিল্লির মতো জায়গা থেকে এত পরিমাণ মাদক উদ্ধার হওয়ার ঘটনা সত্যিই লজ্জাজনক এবং ভয়ঙ্করও বটে। মোদী সরকার মাদক-মুক্ত দেশ গড়ার কাজে বদ্ধপরিকর। কিন্তু এই ঘটনায় কংগ্রেস নেতাদের যোগ পাওয়া যাচ্ছে। সত্যিই অবিশ্বাস্য।'' এদিকে তুষার গোয়েল নামের ওই ব্যক্তি পুলিশি জেরায় স্বীকার করেছেন যে তিনি একসময়ে কংগ্রেস নেতা ছিলেন।

তাঁকে দীর্ঘ সময় ধরে জেরার পর পুলিশ জেনেছে, ২০২২ সালে দিল্লি প্রদেশ কংগ্রেসের আরটিএ সেলের চেয়ারম্যান পদে ছিলেন তুষার। তাঁর একটি ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানেও একই জিনিসের উল্লেখ রয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, দিল্লিতে এত বিপুল পরিমাণ কোকেন উদ্ধারের ঘটনা এই প্রথম। গোটা ঘটনার পিছনে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে।