এই আসনটি এবার থেকেই বিশেষ নজরে ছিল। কারণ জনপ্রিয় ভোজপুরি অভিনেতা-গায়ক কেশরি লাল যাদব আরজেডির টিকিটে ময়দানে নামায় লড়াই পেয়েছিল বাড়তি রঙ।

কেশরি যাদব এবং ছোটি কুমারী
শেষ আপডেট: 14 November 2025 20:37
দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) যেভাবে এনডিএ-র (NDA) ঝড় বয়েছে, সেই আবহে নজর কাড়ছে ছাপরা আসনের লড়াই। সেখানে তারকা প্রার্থী কেশরি লাল যাদবকে (Khesari Lal Yadav) পিছনে ফেলে দিয়েছেন বিজেপির ছোটি কুমারী (Choti Kumari)। বিকেল সাড়ে পাঁচটার হিসেব বলছে - ৬ হাজার ১০০ ভোটের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
এই আসনটি এবার থেকেই বিশেষ নজরে ছিল। কারণ জনপ্রিয় ভোজপুরি অভিনেতা-গায়ক কেশরি লাল যাদব (Khesari Lal Yadav) আরজেডির টিকিটে ময়দানে নামায় লড়াই পেয়েছিল বাড়তি রঙ। ধারণা ছিল, তাঁর জনপ্রিয়তা ভোট বাক্সে প্রভাব ফেলবে। কিন্তু মাঠের বাস্তব বলছে ভিন্ন চিত্র।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছোটি কুমারীর সংগঠনভিত্তিক কাজ, এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং বিজেপির শক্তিশালী মেশিনারি—এই তিনের জোরেই জনপ্রিয়তার লড়াইয়ে তিনি এগিয়ে গিয়েছেন। কেশরির তারকাখ্যাতি ভোটের অঙ্কে খুব একটা কার্যকর হয়নি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
কে এই ছোটি কুমারী
ছাপরা জেলার জিলা পরিষদের চেয়ারপার্সন হিসেবে ছোটি কুমারীর (Choti Kumari) পরিচিতি যথেষ্ট বিস্তৃত। বর্তমান বিজেপি বিধায়ক সি এন গুপ্তাকে বদলে তাঁকেই প্রার্থী করে নতুন ছন্দ আনতে চেয়েছিল দল। মাত্র দ্বাদশ শ্রেণি (12th Class) পর্যন্ত পড়াশোনা করলেও, জেলা পরিষদের সভাপতি হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে সংগঠনের ভিতরে একটি দৃঢ় অবস্থান তৈরি করে দিয়েছে।
রাজনৈতিকভাবে তাঁর পরিবারও যথেষ্ট সক্রিয়। স্বামী ধর্মেন্দ্র সাহ ছাপরা জেলা বিজেপির সাধারণ সম্পাদক। পাশাপাশি বৈশ্য সম্প্রদায়ের প্রতিনিধিত্ব তাঁকে আরও জনপ্রিয় করেছে, কারণ এই জনসমাজ ছাপরার ভোটে গুরুত্বপূর্ণ অংশীদার।
জাতপাতের জটিল অঙ্ক
সারণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছাপরা বহুদিন ধরেই জাতপাতের চিত্রে প্রভাবিত। যাদব, রাজপুত, বৈশ্য ও ওবিসি গোষ্ঠীর সমীকরণ এখানে রাজনৈতিক লড়াইকে বেশ টানটান করে তোলে। সেই অঙ্কেই বিজেপি এবার ছোটি কুমারীকে সামনে আনাকে সঠিক পদক্ষেপ বলে মনে করছে দলীয় মহল।
এনডিএ-র ঝড়ো ফল
২০২৫-এর ভোটে এনডিএ যে ঐতিহাসিক মাইলফলকের দিকে এগোচ্ছে, তা স্পষ্ট। সর্বশেষ প্রবণতা বলছে - জোট ২০০-এর গণ্ডি পেরিয়ে ২০৩ আসনে এগিয়ে। ২০১০ সালে পাওয়া ২০৬ আসনের রেকর্ড ছোঁয়ার সম্ভাবনাও উজ্জ্বল। বিজেপি ও জেডিইউ—দুটি দলই প্রত্যাশার চেয়েও ভাল ফল করছে।
ছাপরার এই লড়াই তাই শুধু একটি আসনের প্রতিযোগিতা নয়—বিহারের বৃহত্তর রাজনৈতিক স্রোতের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে ছোটি কুমারীর এগিয়ে থাকা।