
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 December 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো: দিনদিন বেড়ে চলা সাইবার জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বন্ধ করে দেওয়া হল ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। শুধু তাই নয়, কেন্দ্র ১ হাজার ৭০০ স্কাইপ আইডিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলি থেকেই সবচেয়ে বেশি জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকায় তা বাতিল করেছে সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি শাখা সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আইফোরসি) হোয়াটসঅ্যাপ এবং স্কাইপ মিলিয়ে এতগুলি অ্যাকাউন্টকে চিহ্নিত করেছিল। তারপরই সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবারই লোকসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার।
কেন্দ্রীয় মন্ত্রী একই সঙ্গে এও জানিয়েছেন, ২০২১ সালে আইফোরসি-র অধীনেই 'সিটিজেন ফিনান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম' নামের একটি প্রকল্প আনা হয়েছিল। তার জন্য জালিয়াতি সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা এবং তার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। আর এভাবেই বিগত কয়েক বছরে ৯.৯৪ লক্ষের বেশি অভিযোগের প্রেক্ষিতে ৩ হাজার ৪৩১ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
অন্যদিকে আরও একটি তথ্য উঠে এসেছে যে, চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রায় ৭ লক্ষ সিমকার্ড ১ লক্ষ ৩০ হাজারের বেশি আইএমইআই নম্বর ব্লক করেছে সাইবার জালিয়াতির অভিযোগের ভিত্তিতে।
বিগত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিজিটাল অ্যারেস্টের খবর আসছে। সাধারণ মানুষকে ফোন করে বা ভিডিও কল করে কথার জালে ফাঁসিয়ে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে কেন্দ্র অনেক আগেই পদক্ষেপ করে প্রায় ১৭ হাজারের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি বিভিন্নভাবে আমজনতাকে সতর্কও করছে সরকার। এবার আরও কড়া পদক্ষেপ করা হল সাইবার জালিয়াতি ঠেকাতে।
চলতি বছর সাইবার জালিয়াতির ঘটনার অভিযোগের সংখ্যা চমকে দেওয়ার মতো। কেন্দ্রীয় তথ্যই বলছে, প্রথম ৬ মাসের মধ্যে প্রায় ৮ লক্ষ অভিযোগ জমা পড়েছিল। পাশাপাশি ডিজিটাল অ্যারেস্ট করে হোক কিংবা সরাসরি ব্যাঙ্ক জালিয়াতি, প্রতারণা হয়েছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার!