প্রয়াত বলিউড সুপারস্টার রাজেশ খান্নার (Rajesh Khanna) সঙ্গে অনিতা আডবানী (Anita Advani) সম্পর্ককে ‘বিয়ে’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন খারিজ করে দিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। অভিনেত্রী অনিতা আডবানীর আবেদন বুধবার খারিজ করেন বিচারপতি শর্মিলা দেশমুখের সিঙ্গল বেঞ্চ।

শেষ আপডেট: 1 April 2026 13:48
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত বলিউড সুপারস্টার রাজেশ খান্নার (Rajesh Khanna) সঙ্গে অনিতা আডবানী (Anita Advani) সম্পর্ককে ‘বিয়ে’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন খারিজ করে দিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। অভিনেত্রী অনিতা আডবানীর আবেদন বুধবার খারিজ করেন বিচারপতি শর্মিলা দেশমুখের সিঙ্গল বেঞ্চ।
২০১৭ সালে মুম্বইয়ের নগর দায়রা আদালত যে মামলাটি খারিজ করেছিল, সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্টে আপিল করেছিলেন অনিতা আডবানী। তবে হাইকোর্টও সেই আপিল খারিজ করে দেয়। যদিও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ্যে আসেনি।
অনিতা আডবানীর দাবি ছিল, প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে তাঁর অন্তত এক দশকের ‘লিভ-ইন’ সম্পর্ক ছিল। ২০১২ সালে রাজেশ খান্নার মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন বলেও দাবি করেন তিনি। এমনকি তাঁর অভিযোগ, রাজেশ খান্না নাকি গোপনে তাঁর কপালে সিঁদুর পরিয়ে তাঁকে বিয়ে করেছিলেন।
তবে এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে রাজেশ খান্নার পরিবার। তাঁর আইনত স্ত্রী ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia), মেয়ে টুইঙ্কল খান্না (Twinkle Khanna) এবং জামাই অক্ষয় কুমার (Akshay Kumar)— সকলেই অনিতা আডবানীর দাবি খারিজ করেছেন। তাঁদের বক্তব্য, এই সম্পর্ককে বিয়ে বা ‘বিয়ের মতো সম্পর্ক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনও ভিত্তি নেই।
রাজেশ খান্নার মৃত্যুর পর মুম্বইয়ের তাঁর বিখ্যাত ‘আশীর্বাদ’ বাংলো থেকে জোর করে তাঁকে বের করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন অনিতা। সেই অভিযোগের ভিত্তিতে তিনি আইন মোতাবেক (Protection of Women from Domestic Violence Act, 2005) মামলা দায়ের করেছিলেন ডিম্পল কাপাডিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে।
তবে ২০১৫ সালে হাইকোর্টেরই অন্য একটি বেঞ্চ সেই মামলাটি খারিজ করে দেয়। আদালত তখন স্পষ্ট জানায়, অনিতা আডবানীর সঙ্গে রাজেশ খান্নার সম্পর্ক ‘বিয়ে’ নয়, ফলে গার্হস্থ্য হিংসা আইনের আওতায় তা পড়ে না।
সাম্প্রতিক রায়ে সেই অবস্থানই কার্যত বহাল রাখল বম্বে হাইকোর্ট। ফলে আইনি দৃষ্টিকোণ থেকে রাজেশ খান্নার সঙ্গে অনিতা আডবানীর সম্পর্ক ‘বিয়ে’ হিসেবে স্বীকৃতি পেল না।