উদ্ধারকাজের ভিডিও ফুটেজে দেখা গেছে, ধসে যাওয়া রাস্তার ফাঁকে প্রবল স্রোত। সেখানে অন্তত কোমর সমান জলে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে 'মানব সেতু' তৈরি করেছেন দুই যুবক।

ছবি ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 25 July 2025 11:11
দ্য ওয়াল ব্যুরো: অভূতপূর্ব সাহসিকতার পরিচয় দিলেন পাঞ্জাবের (Punjab) মোগার দু’জন যুবক। প্রবল বৃষ্টির জেরে ধস নেমে মাঝপথে আটকে পড়েছিল স্কুলের ৩৫ জন পড়ুয়া (School Students)। পেছনে ছিল ভয়াবহ স্রোত। এই অবস্থা থেকে তাদের উদ্ধার করলেন তাঁরা। ‘মানব সেতু’ (Human Bridge) তৈরি করে পড়ুয়াদের কার্যত প্রাণে বাঁচালেন দুই যুবক।
কোনও সাহায্য ছাড়াই সুধ্বিন্দর সিং ও গগনদীপ সিং নামের দুই যুবক তৈরি করেন ‘মানব সেতু’। তারপর একে একে পার করা হল সব শিশু ও আরও অন্তত ১০ জন স্থানীয় মানুষকে। ঘটনাটি ঘটেছে মাল্লেয়ান গ্রামে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ প্রবল বৃষ্টির জেরে স্কুল ছুটি হয়ে যায়। পড়ুয়ারা বাড়ি ফিরছিল। তখনই গুরুদ্বারার মাইক থেকে ঘোষণা হয় — প্রবল বৃষ্টিতে রাস্তা ধসে পড়েছে। গ্রামে প্রবেশের একমাত্র রাস্তাটি তলিয়ে গেছে। বহু শিশু আটকে পড়েছে অন্য প্রান্তে। খবর পেয়ে ছুটে যান গগনদীপ, সুধ্বিন্দর।
উদ্ধারকাজের ভিডিও ফুটেজে (Viral Video) দেখা গেছে, ধসে যাওয়া রাস্তার ফাঁকে প্রবল স্রোত। সেখানে অন্তত কোমর সমান জলে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে 'মানব সেতু' তৈরি করেছেন দুই যুবক। আর তাদের ওপর দিয়েই একে একে পার করানো হচ্ছে শিশু ও গ্রামবাসীদের।
গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানান, “যে সাহস দেখিয়েছে সুধ্বিন্দর ও গগনদীপ, তা সত্যিই অনন্য। তাঁদের এই সাহসের জন্যই এতগুলো জীবন রক্ষা পেল। পঞ্চায়েতের তরফে তাঁদের সংবর্ধনা জানানো হবে।”
शाबाश पंजाबियों...
मोगा के एक गांव की सड़क बह गई। स्कूल जाने वाले बच्चे फंस गए। लोगों ने अपनी पीठ को पुल बनाकर 30 बच्चों को पार कराया। कई साल बाद ऐसी तस्वीर देखने को मिली।
सफेद टीशर्ट और शर्ट वाले युवक की तारीफ होनी चाहिए। pic.twitter.com/7x0eOPDrPL— Rishu Raj Singh (@rishuraj_chd) July 24, 2025
তবে এই ঘটনার পরে ক্ষোভও প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, মাল্লেয়ান ও রাসুলপুর গ্রামের সংযোগকারী এই একমাত্র রাস্তাটি বহু দিন ধরেই খারাপ অবস্থায় ছিল। স্থানীয় প্রশাসন কিংবা গ্রাম পঞ্চায়েত কেউই কোনও পদক্ষেপ নেয়নি। এখন যখন এক ভয়াবহ বিপদ ঘটেই গেল, তখনও মেরামতির কাজ শুরু হয়নি।
তাঁরা রাজ্য সরকার ও লুধিয়ানা জেলা প্রশাসনের কাছে অবিলম্বে রাস্তাটি সারানোর দাবি জানিয়েছেন।