
শেষ আপডেট: 10 December 2023 10:51
দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে উত্তরপ্রদেশে হাইওয়ের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে আগুন ধরে গেল গাড়ির মধ্যে। অবস্থা এমনই যে, গাড়ির দরজা, কাচ সবই আটকে গিয়েছে। শেষে অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভিতরেই মৃত্যু হল শিশু-সহ ৮ জনের। মাঝরাতে ফাঁকা হাইওয়ের উপর যখন দাউদাউ করে আগুন জ্বলছে, তখন তাঁদের বাঁচানোর জন্য আশেপাশে কেউ নেই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বরেলি-নৈনিতাল হাইওয়ের উপর ভোজিপুরার কাছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মধ্যরাতে ওই গাড়িটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আচমকাই টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকে পড়ে গাড়িটি। সেই সময়ই উল্টোদিক দিয়ে একটি বালি বোঝাই ডাম্পার আসছিল। ফাঁকা হাইওয়ের উপর ট্রাকটির গতি বেশি থাকায় কোনওভাবেই চালক ব্রেক কষতে পারেননি। ফলত ট্রাকের সঙ্গে সজোরে সংঘর্ষ হয় গাড়িটির। প্রবল ধাক্কার অভিঘাতে গাড়িটির দরজা-জানালা সব আটকে যায়।
এরপরই আগুন ধরে যায় সেই গাড়িতে। গাড়ির ভিতরেই আটকে পড়েন আটজন যাত্রী। তাঁদের মধ্যে ছিল এক শিশুও। গাড়ির ভিতরেই পুড়ে সকলের মৃত্যু হয়। আগুন ধরে যায় ওই ট্রাকেও। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল ওই পরিবার। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই ট্রাকের চালকের খোঁজ মেলেনি। সোশ্যাল মিডিয়ায় জ্বলন্ত গাড়ির ভিডিও ভাইরাল হয়েছে।