পুলিশের আশ্বাস, দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 July 2025 15:05
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করেছিলেন বছর ৭০-এর এক বৃদ্ধা। তারই খেসারত দিতে হল তাঁকে। গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হল। ঘটনাটি কর্নাটকের গৌতমপুরা গ্রামের। ভিডিও ভাইরাল হতে নজরে আসে পুলিশের। ছিঃ ছিঃ করতে থাকে নেটপাড়া।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার নাম হুচাম্মা। তাঁর অভিযোগ, প্রতিবেশী প্রেমা বারবার তাঁর বাড়ির সামনে আবর্জনা ফেলে যান। ২৪ তারিখ এই বিষয়টির প্রতিবাদ করেন তিনি। লেগে যায় ঝামেলা। তর্ক চলাকালীন হুচাম্মা ওই মহিলার চরিত্র সম্পর্কে মন্তব্য করেন। তিনি রেগে বৃদ্ধার ওপর চড়াও হন।
অভিযোগ, রাগের বশে প্রেমা তাঁর দুই পুরুষ আত্মীয়কে সঙ্গে নিয়ে বৃদ্ধাকে টেনেহিঁচড়ে ঘর থেকে বার করে আনেন। তারপর গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। সেই ঘটনাই কেউ গোপনে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়।
স্থানীয় আনন্দপুরা থানার পুলিশ বলছে, ঘটনাটি সামনে আসার পরের দিনই অভিযোগ দায়ের করা হয়। প্রেমাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাকি হুচাম্মার আত্মীয়ও। তদন্ত চলছে, বাকি দুই অভিযুক্তের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশের আশ্বাস, দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।