হরিয়ানায় ভোটার তালিকা কারচুপির অভিযোগে বিস্ফোরক রাহুল গান্ধী। এক বাড়িতে ৫০১ জন ভোটারের নাম নথিভুক্ত, দাবি কংগ্রেসের। বিজেপির তরফে তা ‘ডেটা এন্ট্রির ভুল’। দেশজুড়ে শুরু বিতর্ক।

ছবি: এআই
শেষ আপডেট: 9 November 2025 09:11
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি সাংবাদিক সম্মেলন ডেকে হরিয়ানার ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন, যা দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। তিনি এই অভিযোগকে 'এইচ বোমা' (হাইড্রোজেন বোমা) বা ভোটচুরি আখ্যা দিয়েছেন।
রাহুল গান্ধীর অভিযোগ অনুসারে, হরিয়ানার হোডাল শহরের ২৬৫ নম্বর বাড়িটির ঠিকানায় ৫০১ জন ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। কংগ্রেসের তদন্তে জানা গিয়েছে, হোডাল শহরের এই ২৬৫ নম্বর বাড়িটি স্থানীয় বিজেপি নেতা এবং প্রাক্তন পুর কাউন্সিলর সুন্দর সিংয়ের নামে নথিভুক্ত।
বিষয়টি সামনে আসতেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে এটিকে 'ডেটা এন্ট্রির ভুল' বলে ব্যাখ্যা করা হয়েছে। তাদের দাবি, বুথ লেভেল অফিসার (BLO)-এর এন্ট্রির ভুলেই ওই এলাকার সব বাড়ির নম্বর ২৬৫ হয়ে গিয়েছে।
প্রাক্তন পুর কাউন্সিলর সুন্দর সিংও স্বীকার করেছেন, "এই সব বাড়ি ভোটার তালিকায় ২৬৫ নম্বর বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি পাশের গলিতে আমার দাদুর ভাইদের বাড়িও একই নম্বরে তালিকাভুক্ত।"
ভোটার সংখ্যা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। রাহুল গান্ধী বুধবারের সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, হরিয়ানায় মোট দু’কোটি ভোটার থাকলেও, তার মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো! তাঁর অভিযোগ, বিজেপি সেই ভুয়ো ভোটারদের কাজে লাগিয়েই হরিয়ানায় জিতেছে।
অন্যদিকে, সুন্দর সিংয়ের সন্দেহ, "অনেকে উত্তরপ্রদেশের ভোটার হয়েও আবার এখানে নাম তুলেছেন। অনেকের ক্ষেত্রে নাম হয়তো দু’বার রেজিস্টার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
রাহুল গান্ধী সেদিন একটি মহিলার ছবি তুলে ধরে অভিযোগ করেন যে, তিনি একজন ব্রাজিলিয়ান মডেল। তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হয়েছে। রাহুলের দাবি, হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রের ১০টি বুথে ওই মডেলের ছবি ২২ বার ব্যবহৃত হয়েছে। কখনও সেই ছবির পাশে ভোটারের নাম সীমা, কখনও সুইটি, কখনও সরস্বতী লেখা হয়েছে।
তবে ওই এলাকার স্থানীয়রা নিজেদের প্রকৃত ভোটার বলে দাবি করেছেন। যদিও কেউ কেউ স্বীকার করেছেন যে তাদের আধার কার্ডে বিভিন্ন ঠিকানা উল্লেখ থাকলেও, ভোটার তালিকায় তাদের সকলের নাম ২৬৫ নম্বর বাড়ির বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত।