
বিগত দিনে বারে বারে উত্তপ্ত হয়েছে জম্মু-কাশ্মীর
শেষ আপডেট: 16 July 2024 13:28
দ্য ওয়াল ব্যুরো: বিগত দিনে বারে বারে উত্তপ্ত হয়েছে ভূস্বর্গ। সোমবার গভীর রাতেও ডোডা জেলায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলে। প্রাণ হারান একজন ভারতীয় সেনা অফিসার সহ চারজন নিরাপত্তারক্ষী। আর এই নিয়ে জম্মু এলাকায় ৩২ মাসে ৪৮ জন সেনা শহিদ হয়েছেন।
জানা গেছে, গতকাল রাত পৌনে আটটা নাগাদ গোপন সূত্রে জঙ্গিদের খবর পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়। এরপর রাত ৯টা থেকে ১৬ জন পুলিশের একটি দলের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে বন্দুক যুদ্ধ। তবে শুধু সোমবারই নয়, বিগত দিনে প্রায়ই জম্মু ও কাশ্মীরে উত্তেজনা ছড়িয়েছে। সেনা ও জঙ্গিদের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু জওয়ান। গুরুতর আহত হয়েছেন অনেকে।
তাহলে দেখে নেওয়া যাক সাম্প্রতিককালে জম্মু-কাশ্মীরে কবে কোন হামলায় কতজনের মৃত্যু হয়েছে:
১৬ জুলাই, ২০২৪: ডোডায় চার জন সেনা নিহত হন।
৮ জুলাই. ২০২৪: কাঠুয়া জেলায় জওয়ানদের গাড়িতে হামলায় ৫ জন সেনা শহিদ হন। গুরুতর আহত হন আরও পাঁচজন।
জুন ১১-১২, ২০২৪: পর পর দু'বার হামলায় ছয় জন সেনা আহত হয়েছেন।
জুন ৯, ২০২৪: রিয়াসিতে তীর্থযাত্রীদের একটি বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ঘটনাটিতে প্রাণ হারান নয় জন এবং ৩৩ জন আহত হয়েছেন।
৯ মে, ২০২৪: পুঞ্চ জেলায় ভারতীয় বায়ুসেনার একটি গাড়ি সহ অন্য একটি গাড়িতে তীব্র গুলিবর্ষণ হয়। যেখানে বায়ু সেনার এক জওয়ান শহিদ হন এবং পাঁচজন আহত হয়েছিলেন।
২১ ডিসেম্বর, ২০২৩: সন্ত্রাসী হামলায় চার জন জওয়ান শহিদ হন।
নভেম্বর, ২০২৩: দু'জন ক্যাপ্টেন সহ পাঁচ সেনা জঙ্গি অভিযানে গিয়ে প্রাণ হারান।
এপ্রিল-মে, ২০২৩: পর পর দু'মাসে দুটি হামলায় ১০ জন সেনা শহিদ হয়েছেন।
মে ২০২২: কাটরায় একটি তীর্থযাত্রীদের বাসে চার জন মারা যান।
ডিসেম্বর, ২০২১: চার জন সেনা শহিদ হন।
জম্মু ও কাশ্মীরে ঘন ঘন জঙ্গি হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। গত মাসে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করেন তিনি। নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে বিশদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করেন তিনি। কিন্তু জঙ্গি হামলা রীতিমতো চিন্তার ফাঁজ ফেলেছে প্রশাসনের কপালে।