
পুলিশ ও ঘাতক গাড়ি
শেষ আপডেট: 22 December 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: বাবার পাশেই ঘুমিয়ে ছিল ফুটপাথে ঘুমোচ্ছিল শিশু। আচমকা বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেই শিশুকেই ফুটপাথে উঠে পিষে দিল।
ঘটনা শনিবার মাঝরাতে মুম্বইয়ের। বছর চারেকের ওই শিশুর নাম আয়ুষ লক্ষ্মণ কিনভারে। ঘাতক গাড়ির স্টিয়ারিং ছিল নাবালকের হাতে।
পুলিশ জানিয়েছে, অন্যান্য দিনের মতো আয়ুষ শনিবার রাতেও বাবার সঙ্গে ফুটপাথে ঘুমোচ্ছিল। ভিলে পার্লের বাসিন্দা অভিযুক্ত নাবালক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়ি তুলে দেয়। ঘটনাস্থলেই আয়ুষের মৃত্যু হয়। গুরুতর আহত হন আয়ুষের বাবা।
স্থানীয়রা তড়িঘড়ি নাবালক গাড়িচালককে পাকড়াও করে পুলিশে খবর দেন। জানা যাচ্ছে ঘাতক এসইউভি বাজেয়াপ্ত করে গ্রেফতার করা হয়েছে নাবালককেও।
পুলিশ জানিয়েছে, কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা সিসিটিভি ফুটেজ দেখে খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি চালানোর সময় অভিযুক্ত মত্ত ছিল কি না, কোথা থেকে ফিরছিল সবটাই জানার চেষ্টা করছে।
এই ঘটনাই ফের উস্কে দিল কয়েক মাস আগে পুণের দুই ইঞ্জিনিয়ারকে পোর্শে নিয়ে চাপা দেওয়ার ঘটনা। তখনও অভিযোগ ওঠে এক নাবালকের বিরুদ্ধে। যার পর তোলপাড় হয় গোটা দেশ। আর এবার ফের একই ঘটনা ঘটল মুম্বইয়ে।