কলকাতার (Kolkata Weather) আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 23 July 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। সকালে বৃষ্টি না থাকলেও, বিকেল বা রাতের দিকে উপকূল ও সংলগ্ন কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন আসছে (Weather Update of West Bengal and Kolkata)। একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার (Kolkata Weather) আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। বিকেলের পর শহরে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতি ও শুক্রবার নিম্নচাপের কারণে শহরে বৃষ্টি বাড়বে।
কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা ৭০ থেকে ৯২ শতাংশের মধ্যে রয়েছে।
দক্ষিণে কবে কোথায় বৃষ্টি?
বুধবার
দক্ষিণবঙ্গের অনেক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি বেশি হতে পারে।
বৃহস্পতিবার
মেঘলা আকাশ ও রীতিমতো বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার
আকাশ মেঘে ঢাকা থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলার মধ্যে পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি হতে পারে। দোসর হবে বজ্রবিদ্যুৎ। পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে।
শনি-রবি
এই দুই দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। শনিবার বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বেশি হবে। রবিবার পুরুলিয়া ও ঝাড়গ্রামে বেশি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে কবে কোথায় বৃষ্টি?
আজ ও আগামীকাল (বুধ ও বৃহস্পতি) উত্তরবঙ্গে তেমন বৃষ্টি না হলেও কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি বাড়বে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিং জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নদীর জলস্তর বাড়বে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অসম, মেঘালয়, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, লাদাখ, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র ও তেলেঙ্গানায়। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হতে পারে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, কেরল, ওড়িশা, মধ্যপ্রদেশ, বিদর্ভ ও উত্তরাখণ্ডেও বৃষ্টি বাড়বে।