পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পারদ নামবে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 January 2026 09:12
দ্য ওয়াল ব্যুরো: আগামী বুধবার পৌষ সংক্রান্তি (Paush Sankranti)। তার আগেই ফের ঠান্ডার দাপট বাড়তে চলেছে রাজ্য জুড়ে (West Bengal)। আগামী মঙ্গলবারের পর থেকে শীত (Winter) আরও জাঁকিয়ে পড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।
রবিবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার (Fog) ঘনঘটা বাড়বে। দক্ষিণবঙ্গের গ্রামাঞ্চল ও চাষের জমি লাগোয়া এলাকাতেও কুয়াশার প্রকোপ বাড়ার পূর্বাভাস মিলেছে। কলকাতায় দিনে ও রাতে শিশির পড়ার সম্ভাবনাও রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রির ঘরে। বীরভূমের সিউড়িতে পারদ নেমেছিল ৮ ডিগ্রিতে। দার্জিলিঙে তাপমাত্রা ছিল ১ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের সমতলে জলপাইগুড়িতে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী সাত দিন গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময় সর্বত্রই স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে তাপমাত্রা। আগামী দু’দিন তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হলেও ১৩ জানুয়ারি থেকে ফের পারদ নামবে।
দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি মাত্রার। তবে রবিবার ভোরে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কোচবিহার জেলায় কুয়াশার দাপট বাড়বে। উত্তরবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও ওই জেলাগুলিতে কুয়াশা থাকবে বলেই পূর্বাভাস।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার ভোরে হালকা কুয়াশা দেখা যেতে পারে। সঙ্গে শিশির পড়ার সম্ভাবনাও রয়েছে। রাতের দিকেও শিশির পড়তে পারে শহর ও শহরতলিতে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রির কাছাকাছি, আর সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ ডিগ্রির আশপাশে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পারদ নামবে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গে তাপমাত্রা মোটামুটি বর্তমান অবস্থানেই থাকবে। দার্জিলিঙে পারদ এক থেকে দুই ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।
কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে পৌষ সংক্রান্তির আগে আবহাওয়ার বড় কোনও বদল নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুষ্ক আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডার ব্যাটিং চলবে গোটা বঙ্গে।