
ফাইল ছবি
শেষ আপডেট: 26 March 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল থেকে নাজেহাল অবস্থা উলুবেড়িয়ার (Uluberia) বাসিন্দাদের একাংশের। কারণ একাধিক ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ (Water Crisis)। পাইপলাইন ফেটে বিপত্তি ঘটেছে সেখানে। পুরসভার তরফে ইতিমধ্যে পাইপলাইন (Pipeline) মেরামতির কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, রাতের মধ্যেই সেই কাজ শেষ হবে এবং জল সরবরাহ চালু হবে।
৩২ নম্বর ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য জগদীশপুরে জল প্রকল্প তৈরি করেছে উলুবেড়িয়া পুরসভা। মঙ্গলবার বিকেলে আচমকা সেই পাইপলাইন ফেটে জল বের হতে থাকে। পুরসভার তরফে পাইপ মেরামতির কাজ শুরু করলেও বুধবার সকাল থেকে একাধিক ওয়ার্ডে জল নেই। একদিকে গরম তার মধ্যে জলের অভাব, স্বাভাবিকভাবে চরম সঙ্কটে পড়েছেন এলাকার বাসিন্দারা।
উলুবেড়িয়া পুরসভার ৭টি ওয়ার্ডে আপাতত জল নেই। জলের পাইপলাইন লিক করায় সকাল থেকে জল সঙ্কটে ভুগছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। যদিও সাধারণ মানুষের ভোগান্তি মেটাতে পানীয় জলের গাড়ি বিভিন্ন এলাকায় পাঠিয়ে জল সরবরাহ করছে পুরসভা। তাঁদের তরফে জানানো হয়েছে, জল সরবরাহ করা হচ্ছে ঠিকই, কিন্তু জলের চাপ কম থাকায় সব জায়গায় সম পরিমাণে জল পৌঁছচ্ছে না। তবে সমস্যা মেটাতে বিভিন্ন এলাকার জন্য ২০টি জলের গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
কিছুদিন আগেই বেলগাছিয়ায় ভাগাড় এলাকায় ধসের কারণে পাইপলাইন ফেটে জল সঙ্কট তৈরি হয়। বিস্তৃর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ ছিল। যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন সারানোর কাজও শুরু হয়। মাঝে জলের সমস্যা আংশিক মিটলেও তা পুরোপুরি মেটেনি। পুরসভার তরফে পরিবারপিছু জল পাঠানো হচ্ছে। তবে সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে।