
শেষ আপডেট: 29 July 2019 06:30
মেয়েটির মা বলেছেন, আমি জানতে পেরেছি, বিধায়কই আমাদের মারতে চেষ্টা করেছিলেন। তিনি এখন জেলে আছেন। কিন্তু জেলের ভিতরে তাঁর কাছে ফোন আছে। তিনিই জেল থেকে ষড়যন্ত্র করেছেন।
পরে তিনি বলেন, সেনগার জেলে আছেন ঠিকই কিন্তু তাঁর লোকজন তো বাইরে আছে। তারা আমাদের হুমকি দিচ্ছে। আমরা ন্যায়বিচার চাই।
যে ট্রাকটি মেয়েটির গাড়িতে ধাক্কা মেরেছিল, তার নাম্বার প্লেটের ওপরে কালো রং করা আছে। রাজ্যের পুলিশ প্রধান বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা। কিন্তু অভিযোগকারীরা যদি সিবিআই তদন্ত চান, আমরা তাঁদের সাহায্য করব।
তাঁকে প্রশ্ন করা হয়, ট্রাকটির নাম্বার প্লেটে কালো রং করা আছে কেন? তিনি বলেন, আমরা তদন্ত করছি। ড্রাইভার ও হেল্পারকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুর্ঘটনা হয়েছিল।
উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ৪৫ কিলোমিটার দূরে উন্নাও নামে এক জায়গায় অভিযোগকারিণীর বাড়ি। তার কাকা রায় বরেলিতে একটি মামলায় জেলে বন্দি আছেন। তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে মেয়েটি দুর্ঘটনায় পড়ে।
সেই খবর শুনেই সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, মেয়েটিকে সপরিবারে খুনের চেষ্টা হয়ে থাকতে পারে। তিনি রবিবারের দুর্ঘটনা নিয়ে সিবিআই তদন্ত দাবি করেছেন।
অখিলেশ যাদবের নির্দেশে তাঁর দলের বিধান পরিষদের দুই সদস্য ট্রমা সেন্টারে গিয়ে অভিযোগকারিণী ও তার আত্মীয়দের সম্পর্কে খবর নেন।
অখিলেশ যাদব বিবৃতি দিয়ে বলেন, উন্নাওয়ে ধর্ষিতা যেভাবে রায় বরেলিতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছে তা খুবই উদ্বেগের বিষয়। এর পিছনে খুনের চক্রান্ত থাকতে পারে।
বিজেপির সমালোচনা করে অখিলেশ বলেন, ওই দলের এক বিধায়ক এই ঘটনায় অভিযুক্ত। রাজ্যে এখন বিজেপিরই সরকার আছে। উত্তরপ্রদেশে জঙ্গল রাজ চলছে। একমাত্র সিবিআই তদন্ত হলেই এই রহস্যের সমাধান হতে পারে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী টুইট করে রবিবারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, অভিযুক্ত বিধায়ক এখনও বিজেপিতে আছেন কেন? সরকার অভিযোগকারিণী ও সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি কেন?
https://twitter.com/priyankagandhi/status/1155699335927074816