
শেষ আপডেট: 17 January 2023 17:21
দ্য ওয়াল ব্যুরো: আধুনিক ভারতের ভিত্তি স্থাপনে যে ক'জনের ভূমিকা অনস্বীকার্য, তাঁদের মধ্যে অন্যতম রাজা রামমোহন রায় (Raja Ram Mohan Roy)। দার্শনিক, সমাজ সংস্কারকের পাশাপাশি তিনি ছিলেন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতাও। এবার বেঙ্গালুরুর (Bengaluru) মতো 'স্মার্ট' সিটিতে সেই রাজা রামমোহন রায়ের নামের বানানেই ধরা পড়ল বড়সড় গলদ। দেখা গেল, একটি রাস্তার নামের সাইনবোর্ডে (signboard) লেখা রয়েছে 'রাজারাম মোহন রায় রোড'। টুইটারে (Twitter) সেই ছবি ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্ত সেই সাইনবোর্ডের ছবি টুইটারে শেয়ারের পর এটিকে 'ভয়াবহ ভুল' বলে অভিহিত করেছেন। তিনি লেখেন, "এতদিন ধরে আমি জানতাম ওঁর নাম রাজা রামমোহন রায়। প্রশাসনের অবিলম্বে এই ভয়ঙ্কর ভুল সংশোধন করা উচিত।" এর পাশাপাশি তিনি বেশ কয়েকজন বেঙ্গালুরু নিবাসী বন্ধুকে মেনশন করে এই ঘটনার প্রতিবাদে আওয়াজ তোলার বার্তা দেন।
যদিও তাঁর সেই টুইটের রিপ্লাইয়ে এক নেটিজেন লেখেন, "মোহন বানানে ইউ থাকুক বা এ, তাতে কী পার্থক্য? তাঁর নাম কি বাংলা না হিন্দি? ইংরাজির থেকেও মাতৃভাষায় নামটা কীভাবে লেখা হচ্ছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ।”
তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। এমনও কয়েকজন ছিলেন যারা কলকাতার সাইনবোর্ডগুলিতে কেন দক্ষিণের বিখ্যাত ব্যক্তিদের নাম দেখা যায় না, সে নিয়ে পাল্টা প্রতিবাদ করেন।
একজন লেখেন, "দক্ষিণ ভারতের বড় বড় শহরগুলিতে আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস রোড, বিবেকানন্দ রোড এবং আরও অনেকরকম বিখ্যাত বাঙালিদের নাম দেখতে পাবেন। কিন্তু কলকাতায় কি কামরাজ, বিজু পট্টনায়েক, ডঃ রাজকুমারদের মতো দক্ষিণ ভারতীয় ব্যক্তিদের নামে কোনও রাস্তা আছে! আমার এই নিয়ে ঘোর সন্দেহ আছে।"
প্লেনের আপৎকালীন দরজা খুলে দিলেন যাত্রী! বিমানে আবার বিভ্রাট