দ্য ওয়াল ব্যুরো: নেতাজি ইনডোরে দলের সাংঠনিক নির্বাচনের মঞ্চ থেকে পেগাসাস নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির সেই উচ্চারণের অনুরণন শোনা গেল সংসদের উচ্চকক্ষেও। রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় পেগাসাস ইস্যু তুলে বিদ্রুপে বিদ্ধ করতে চাইলেন।
এদিন রাজ্যসভার বক্তৃতায় তৃণমূল সাংসদ বলেন, সবাই মিথ্যে। নিউ ইয়র্ক টাইমস, ফরাসি সরকার, জার্মান সরকার, মার্কিন সরকার-সবাই মিথ্যে বলছে। কেবল সত্য নিয়ে বিচ্ছিন্ন ভাবে দাঁড়িয়ে রয়েছে ভারত সরকার।
এমনিতে বিদ্রুপও রাজনীতিতে আক্রমণের হাতিয়ার। অনেকেই সেটাকে ব্যবহার করেন। সুখেন্দুবাবুর বাগ্মী সুবিদিত। এদিন সেই বিদ্রুপেই মোদী সরকারের বিরুদ্ধে পেগাসাস ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন তিনি।
মমতাও এদিন বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর সবার ফোনে আড়ি পাতা হয়েছে। এই অভিযোগ আগেও করেছিলেন দিদি। মাঝে নজরবন্দির ঘেরাটোপ থেকে নিজের ফোনকে রক্ষা করতে ক্যামেরায় টেপ লাগিয়ে রাখতেন।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন হইহই ফেলে দিয়েছে। সেখানে দাবি করা হয়েছে ২০১৭ সালে নরেন্দ্র মোদীর ইজরায়েল সফরের সময়ে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তারমধ্যেই ছিল পেগাসাস স্পাইওয়ার কেনার বিষয়টি। এই রিপোর্টের পর কেন্দ্রীয় সরকার টু শব্দটি করেনি। এটাকেই সমালোচনার শূলে চড়াচ্ছে বিরোধীরা।