দ্য ওয়াল ব্যুরো: ইউনিফর্ম পরে, থানার ভিতরেই নানা কার্যকলাপের টিকটক ভিডিও বানিয়েছিলেন তিনি। পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার পরেই লখনউয়ের কালান্ডি নৈথানি থানার এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ আরিফের শো-কজ় করলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
একটি নয়, দু'-দু'টি ভিডিও পোস্ট করেছিলেন সাব ইনস্পেক্টর মহম্মদ আরিফ। থানায় বসে, ইউনিফর্ম পরেই করা ভিডিওগুলি। পোস্ট করার পরেই সেগুলি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
প্রথম ভিডিওটিতে দেখা যায়, ওই সাব ইনস্পেক্টর ডায়ালগ দিচ্ছেন, "ইয়ে পুলিশ স্টেশন হ্যায়, যব তক ব্যাঠনে কো না কাহা যায়ে ব্যাঠো নাহি, তুমহারে বাপকা ঘর নাহি হ্যায়।" অর্থাৎ এটা পুলিশ স্টেশন, তোমার বাবার জায়গা নয়। এখানে অনুমতি না পেলে বোসো না।
দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায়, উনি বলছেন, পুলিশের বন্ধুত্ব বা শত্রুতা-- কোনওটাই ভাল নয়। এই ভিডিওটিতে আবার আরিফের সার্ভিস রিভলভারও দেখা গেছে, টেবিলে রাখা।
লখনউয়য়ের এসএসপি বলেন, "আমরা এই কাজের জন্য ওই অফিসারকে শো-কজ় করেছি। সোশ্যাল মিডিয়ায় ইউনিফর্ম পরে এই টিকটক ভিডিও পোস্ট করার কোনও যুক্তি নেই। তিনি ডিসিপ্লিন মেনে চলতে বাধ্য। পুলিশদের নির্দেশ দেওয়াই থাকে, সোশ্যাল মিডিয়ায় ইউনিফর্ম পরা কোনও কার্যকলাপ পোস্ট না করার।"
তবে ডিউটিরত অবস্থায় পুলিশের টিকটক ভিডিও পোস্ট করার ঘটনা এই প্রথম নয়। জুলাই মাসেই গুজরাতের এক পুলিশকর্মী থানার বিতরে ইউনিফর্ম পরে নাচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অপরাধে বরখাস্ত হয়েছিলেন। দিল্লির দুই মহিলা পুলিশ-ও এই কাণ্ড করেছিলেন এক বার।
কিন্তু বারবার পদক্ষেপ করার পরেও ফের ঘটল এমন ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাব ইনস্পেক্টর মহম্মদ আরিফের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।