দ্য ওয়াল ব্যুরো: প্লাস্টিকময় সারা পৃথিবী! বাদ পড়েনি গভীর জঙ্গল, সমুদ্রের তলা। প্লাস্টিক ব্যবহারের প্রতি একাধিক আইন করে নিষেধাজ্ঞা জারির পরেও বিশেষ এক শ্রেণির মানুষের অসচেতনতা যে ইকোলজির কতটা ক্ষতি করছে, সেটা হয়তো এখনও মানুষের ধারণার বাইরে। এই কারণেই পরবর্তী জন্মের মানুষের বিপদ সম্পর্কে এখনও হয়তো অবগত নন অনেকে।
সম্প্রতি মুম্বইয়ের 'তাড়োবা আন্ধেরি টাইগার রিজার্ভ'-এ এক পর্যটকের তোলা ভিডিও ফুটেজ দেখে রাগে ফেটে পড়েছেন পশুপ্রেমীরা। সেই ভিডিওতেই দেখা গিয়েছে, গভীর জঙ্গল থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে, সেটাই চিবিয়ে খেতে খেতে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বাঘটি। ভিডিওটি পোস্ট হতে না হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে তীব্র সমালোচনা করেছেন বহু মানুষ।

এই ভিডিওতেই এক জায়গায় শোনা যায়, সেই সময় উপস্থিত বহু পর্যটকদের মধ্যে একজন মন্তব্য করেছেন, "বনের বাঘেরা আজকাল সাফাই কাজও করছে!" ভিডিওটি দেখে কেউ কেউ লিখেছেন, "আর কবে মানুষের বোধ হবে!" আবার কেউ কেউ লিখেছেন, "জঙ্গলে ঘুরতে গিয়ে যত্রতত্র প্লাস্টিকের প্যাকেট, বোতল ফেলে, পরোক্ষভাবে যে পশু, পাখিদের খুন করা হচ্ছে, এই বিষয়ে অনেকেই অবগত নন!"
দেখুন বাঘের প্লাস্টিক চিবোনোর ভিডিও।
https://twitter.com/KanhaiyaWebsite/status/1352113643777757191
তবে এটিই প্রথমবার নয়। এই জঙ্গলের আরও এক দুর্ভাগ্যজনক দৃশ্য ডিসেম্বর মাসে সকলের সামনে এসেছিল। সেবার আরও একটি বাঘকে প্লাস্টিকের প্যাকেট মুখে করে ঘুরতে দেখা গিয়েছিল। জানা যাচ্ছে, ২০২০ সালের সমীক্ষা অনুসারে এখানে মোট ১১৫ টি বাঘ রয়েছে। এই জঙ্গলে মাঝে মাঝেই পর্যটকদের ভিড় জমে। তাঁদের মধ্যে কেউ কেউ খাবার খেয়ে, ঠোঙা, চিপসের প্যাকেট, কোল্ডড্রিঙ্কসের বোতল ফেলে আসেন। যার পরিণতিস্বরূপ এমন দৃশ্য বারবার সাধারণ মানুষের সামনে আসে।