শুধু সাংসদরাই নন, এই দলে থাকছেন রাজ্যের তিন প্রভাবশালী মন্ত্রীও। এর থেকে স্পষ্ট, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 1 July 2025 08:58
দ্য ওয়াল ব্যুরো: আগামী বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের মঞ্চ হয়ে উঠছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে ঘিরে প্রবল আপত্তি জানিয়ে এবার সরাসরি দিল্লিতে (Delhi) যাচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC) একটি হেভিওয়েট প্রতিনিধি দল। শুধু সাংসদরাই নন, এই দলে থাকছেন রাজ্যের তিন প্রভাবশালী মন্ত্রীও। এর থেকে স্পষ্ট, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
প্রতিনিধি দলে কারা থাকছেন?
মঙ্গলবার কমিশনের সদর দফতরে ডেপুটেশন জমা দেবেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক এবং রাজ্য মন্ত্রিসভার তিন গুরুত্বপূর্ণ মুখ—পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কেন এই প্রতিবাদ?
বিহারে বিশেষ ভোটার তালিকা সমীক্ষার নামে পশ্চিমবঙ্গেও গোপনে একই পর্যায়ের কাজ শুরু হয়েছে, এই আশঙ্কা থেকেই সরব তৃণমূল। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই এই ইস্যুতে কড়া ভাষায় প্রশ্ন তুলেছিলেন। সোমবার নির্বাচন কমিশনের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি হতেই দলের অবস্থান স্পষ্ট করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি অভিযোগ করেন, বিহার বাহানা মাত্র, মূল লক্ষ্য বাংলাই। বিজেপির নির্দেশেই নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজ করানো হচ্ছে।
তৃণমূলের বক্তব্য, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। যে কারণে প্রতিবাদ শুধু চিঠি নয়, সরাসরি শারীরিক উপস্থিতিতে। রাজনৈতিক মহলের মতে, সাধারণত দিল্লিতে কোনও প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল সাংসদরাই থাকেন। এবার সেখানে রাজ্যের তিন শীর্ষ মন্ত্রীর উপস্থিতি প্রমাণ করছে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দল কতটা উদ্বিগ্ন।
২০২৬-এর বিধানসভা ভোট যতই এগোচ্ছে, রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল আরও সূক্ষ্ম হচ্ছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ যে রাজ্যে গেরুয়া শিবিরের জমি তৈরি করতে সাহায্য করছে — এমনটাই মনে করছে তৃণমূল। তাই শুরুতেই তা রুখে দিতে চাইছে তারা।